শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেতা নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিয়ের তারিখ ঘোষণা করেননি দম্পতি। তবে শোনা যাচ্ছে, আগামী ৪ ডিসেম্বর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। ইন্ডাস্ট্রিতে জল্পনা চলছিল, জয়পুরের একটি বিলাসবহুল হোটেলে নাকি তাঁদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অন্য এক সূত্রের দাবি, হায়দরাবাদে সাত পাকে বাঁধা পড়বেন দু’জনে। ইতিমধ্যেই হায়দরাবাদে প্রস্তুতি শুরু করেছেন দুই পরিবারের সদস্যরা। যে লোকেশনে নাগা-শোভিতার বিয়ের আসর বসবে, তা আক্কিনেনি পরিবারের ভীষণ পছন্দের জায়গা— অন্নপূর্ণা স্টুডিওজ। নাগা চৈতন্যর বাবা সুপারস্টার নাগার্জুন আক্কিনেনির সম্পত্তি এটি। সেখানে নাকি ইতিমধ্যে বিয়ের অনুষ্ঠানের জন্য আয়োজন শুরু করা হয়েছে। নাগা-শোভিতার বিয়েতে উপস্থিত থাকবেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। ইন্ডাস্ট্রির সদস্যদের জন্য আলাদা পার্টির ব্যবস্থা করবেন কি না, তা নিয়ে এখনও মুখ খোলেননি দুই তারকা। গত আগস্টে হায়দরাবাদে বাগদান সেরেছিলেন এই জুটি। কয়েক বছর আগেও ডেস্টিনেশন ওয়েডিং ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় ছিল। কখনও দেশের মধ্যেই ঐতিহ্যপূর্ণ কোনও মন্দির বা বিদেশের কোনও জায়গা বেছে নিতেন সেলেবরা। এখন আবার নতুন ট্রেন্ড। শিকড়ের কাছাকাছি থেকেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে চাইছেন তারকারা।



