মুম্বই: শেষ ওভারে দরকার ছিল ১০। তাহলেই টি-২০ বিশ্বকাপের প্রথম অঘটন ঘটিয়ে ফেলত নেপাল। কিন্তু স্যাম কারানের ওভারে উঠল মোটে পাঁচ। ওয়াংখেড়েতে টানটান উত্তেজনার মধ্যে কোনও রকমে চার রানে জিতল ইংল্যান্ড। তবে হারলেও নেপালের লড়াই মন ছুঁয়ে গেল ক্রিকেট বিশ্বের। গ্রুপ ‘সি’র ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমেছিল দু’বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। জেকব বেথেল (৩৫ বলে ৫৫), ক্যাপ্টেন হ্যারি ব্রুক (৩২ বলে ৫৩) ও উইল জ্যাকসের (১৮ বলে অপরাজিত ৩৯) ব্যাটে ভর করে সাত উইকেটে ১৮৪ তোলে ইংল্যান্ড। ১৮৫ রানের টার্গেট তাড়া করে নেপাল একসময় রীতিমতো চাপে ফেলে দেয় ইংল্যান্ডকে। দীপেন্দ্র সিং (২৯ বলে ৪৪), লোকেশ বাম (২০ বলে অপরাজিত ৩৯), ক্যাপ্টেন রোহিত পাউডেল (৩৪ বলে ৩৯) টানেন দলকে। কিন্তু দারুণ লড়েও ছয় উইকেটে ১৮০ রানে থামে তারা।
দাপটে বিশ্বকাপ অভিযান শুরু করল নিউজিল্যান্ডও। রবিবার চিপকে গ্রুপ ‘ডি’র ম্যাচে মিচেল স্যান্টনার বাহিনী ১৩ বল বাকি থাকতে পাঁচ উইকেটে হারাল আফগানিস্তানকে। কিউয়ি ওপেনার টিম সেফার্টই তফাত গড়ে দেন। ১৮৩ তাড়া করতে নেমে ৪২ বলে ৬৫ করেন তিনি। সাতটা চার ও তিনটি ছক্কায় সাজানো ইনিংসে গ্যালারি মাতান। মূলত সেফার্টের জন্যই ১৭.৫ ওভারে লক্ষ্যে পৌঁছায় নিউজিল্যান্ড (১৮৩-৫)। তার আগে ছয় উইকেটে ১৮২ তোলে আফগানিস্তান। ৩৫ বলে ৬৩ করেন গুলবাদিন নাইব। চারটি ছক্কা ও তিনটি চার মারেন তিনি।



