নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: স্মার্টসিটি নিউটাউন। কিন্তু একাধিক রাস্তা খানাখন্দে ভরে উঠেছিল। বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে সামনে রেখে সংস্কারও শুরু হয়েছে। অনেক জায়গায় সংস্কার সম্পন্নও হয়েছে। কিন্তু, দীপাবলির আগে এখনও একাধিক জায়গায় খানাখন্দ রয়ে গিয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। উৎসবের মরশুমে পথ চলতে গিয়ে সমস্যায় পড়ছেন বাসিন্দারা। নিউটাউন কলকাতা ডেভেলমমেন্ট অথরিটি (এনকেডিএ) সূত্রে জানা গিয়েছে, পুজোর আগে একগুচ্ছ রাস্তা সংস্কার হয়েছে। আরও কিছু রাস্তা মেরামত করার জন্য টেন্ডার হয়েছে। কাজ শুরু হবে। যেহেতু একাধিক জায়গায় সংস্কার প্রয়োজন ছিল এবং এবার অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে, তাতেও কাজের সমস্যা হয়েছে। তবে ধীরে ধীরে সব রাস্তাই সংস্কার করে দেওয়া হবে।
প্রসঙ্গত, সল্টলেক শহরের বেশিরভাগ রাস্তা বেহাল হয়ে পড়েছিল। পালাবদলের পর পুরানো রাস্তার পিচ তুলে সংস্কার শুরু করেছিল বিধাননগর পুরসভা। দুর্গাপুজোর আগে দিনরাত কাজ চলেছে। বর্তমানে অবশ্য সল্টলেকের প্রায় সমস্ত মূল রাস্তার মেরামতি সম্পন্ন হয়েছে। বিটুমিনের রাস্তার পাশাপাশি কংক্রিটের ব্লকেও রাস্তা তৈরি করা হয়েছে। নিউটাউনের বাসিন্দাদের দাবি, আগের সরকারের আমলে অর্থাৎ ভোটের আগে থেকেই রাস্তা খারাপ হয়েছিল। নির্বাচনের জন্য কোনো কাজ হয়নি। এমনকি, বিশ্ববাংলা সরণিতে গর্ত হয়ে গিয়েছিল। কিছুদিন আগে সেগুলি মেরামত করা হয়েছে। ব্লকের ভিতরের দিকে রাস্তার কিছু অংশে খানাখন্দ রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও পিচ উঠে গিয়ে স্টোনচিপস বেরিয়ে পড়েছে।
আবাসিকদের অভিযোগ, অ্যাকশন এরিয়া-১ এলাকার একাধিক স্ট্রিটে এখনও খানাখন্দ রয়েছে। স্ট্রিট নম্বর ৭৯-এর কাছে রাস্তার উপর বড়ো গর্ত তৈরি হয়েছে। সন্ধ্যার পর অসাবধান হলেই বিপদ ঘটতে পারে। পাশাপাশি, স্ট্রিটগুলিতেও খানাখন্দ রয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই স্ট্রিটগুলির সংস্কার হবে। সেই সঙ্গে ২৪০ এবং ১৬০ নম্বর স্ট্রিটেও কাজ হবে। টেন্ডার ডাকা হয়েছে। মোট ১১২৫ মিটার রাস্তার কাজ হবে। নিজস্ব চিত্র



