তাপস কাঁড়ার: দুর্গাপুজো এখন বিশ্বজনীন। কলকাতার পুজো ঘিরে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো। এবার মণ্ডপজুড়ে শোনা যাবে পূর্ব ও পশ্চিমের মিলিত সুর। এই মিউজিক্যাল ফিউশনের নাম ‘রক স্ত্রোত্র’। মহালয়ায় মাস আর্ট ও ইউনেস্কোর যৌথ সহযোগিতায় প্রকাশিত হল এই মিউজিক। সুচারুভাবে সম্পূর্ণ কাজটি করেছেন শিলাদিত্য চৌধুরী ও সোম চক্রবর্তী। চলতি বছর কলকাতার বেশ কয়েকটি মণ্ডপে চলছে ‘প্রিভিউ শো’। অর্থাৎ উদ্বোধনের আগেই বিশেষ পাসের মাধ্যমে সুযোগ মিলছে মণ্ডপের শিল্পকলা প্রত্যক্ষ করার। আর সেখানেই বাজছে ‘রক স্ত্রোত্র’ গানটি। সোহম মজুমদারের গানের কথায় কণ্ঠ দিয়েছেন পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তী ও পদ্মভূষণ ঊষা উত্থুপ। সঙ্গতে পণ্ডিত তন্ময় বোসের এক অপূর্ব ফিউশন। অজয় চক্রবর্তী বলেন, ‘আমার সৌভাগ্য যে ঊষাদির সঙ্গে গাইতে পেরেছি। আমি আশাবাদী এই গান সফল হবেই।’ ঊষা উত্থুপের কথায়, ‘শিল্পীর কোনও সীমা হতে পারে না। আর সেই জন্যই অজয়দার সঙ্গে গাইতে পেরেছি।’ ভিডিও অ্যালবামটি প্রকাশ করেছে সুরিন্দর ফিল্মস। সমগ্র অনুষ্ঠানকে পূর্ণাঙ্গ রূপ দিতে সহযোগিতা করেছে জৈন গ্রুপ।



