পরিচালন সমিতির নয়া সভাপতিকে  ঢুকতে বাধা, ধুন্ধুমার ভাঙড় কলেজে
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড় কলেজের পরিচালন সমিতির নয়া সভাপতি করা হয়েছে বিজেপি নেতা সায়ন্তন বসুকে। সোমবার দায়িত্ব নিতে কলেজে এসেছিলেন। তাঁকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। অভিযোগ, কলেজের গেট আটকে প্রথমে সায়ন্তনবাবুকে ঢুকতে বাধা দেওয়া হয় বাম ও আইএসএফ ছাত্রছাত্রীদের তরফে। এমনকি গো ব্যাক স্লোগান ওঠে। পাল্টা স্লোগান দেয় এবিভিপি। বেশ কিছুক্ষণ গাড়িতেই বসে থাকতে দেখা যায় বিজেপি নেতাকে। পুলিশ গেট টপকে ভিতরে ঢুকে বিক্ষোভকারী পড়ুয়াদের সরাতে নির্বিচারে লাঠিচার্জ করে বলে অভিযোগ। জটলা সরিয়ে গেট খুলে দেওয়ার পর সায়ন্তনবাবু ভিতরে ঢোকেন। তখন বাইরে তুমুল উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দীর্ঘক্ষণ কলেজ রোডে যান চলাচল বন্ধ রাখে পুলিশ।

Advertisement

সায়ন্তনবাবু কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পরও উত্তেজনা থামেনি। এবিভিপি, বাম, আইএসএফ ছাত্রছাত্রীরারা মুখোমুখি দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। র‍্যাফ দুই পক্ষের মাঝে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ কয়েকজন পড়ুয়াকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে, লাঠিচার্জ ও পড়ুয়াদের আটক করার প্রতিবাদে সন্ধ্যার পর পড়ুয়ারা ভাঙড় থানার বাইরে অবস্থান বিক্ষোভ করেন। আজ, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা জেলার স্কুল কলেজ ক্যাম্পাসে ছাত্র বিক্ষোভের ডাক দিয়েছে এসএফআইয়ের জেলা কমিটি।
পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন বিকাল তিনটে নাগাদ কলেজের সামনে পৌঁছন সায়ন্তনবাবু। তাঁকে ঘিরে কলেজের বাইরে জড়ো হন এবিভিপির ছাত্ররা। অন্যদিকে, কলেজের ভিতরে তখন কয়েকশো আইএসএফ এবং এসএফআই সমর্থিত ছাত্রছাত্রী বিক্ষোভ দেখাচ্ছিলেন। কেন ভাঙড়ের কাউকে এই পরিচালন সমিতির সভাপতি না করে বহিরাগত একজনকে দায়িত্ব দেওয়া হল? এই প্রশ্ন তুলে শুরু হয় বিক্ষোভ। কিন্তু গেট বন্ধ থাকায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। অনেক চেষ্টার পর গেট না খোলায় টপকে ভিতরে প্রবেশ করে পুলিশ। এরপরই শুরু হয় ঝামেলা। বিক্ষোভকারীদের সরাতে পুলিশ লাঠিচার্জ করলে ধস্তাধস্তি শুরু হয়। বেশ কয়েকজনকে টেনে হিঁচড়ে কলেজের বাইরে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে। শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের কলেজ চত্বর থেকে সরিয়ে দেয় পুলিশ। বিকাল সাড়ে তিনটে নাগাদ মূল গেট দিয়ে কলেজে ঢোকেন সায়ন্তন। দীর্ঘক্ষণ কলেজের ভিতরে বৈঠক করেন তিনি। বৈঠকে কলেজের টিআইসি লুনা কয়ালসহ গভর্নিং বডির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বেরনোর সময় সায়ন্তনবাবু বলেন, আমি ভিতরে ছিলাম, বাইরে কী হয়েছে জানি না। আমার সামনে বাধা দিতে কেউ আসেনি। দূরে কে কী করেছে বলতে পারব না। সরকার দায়িত্ব দিয়েছে, সেটা করতেই কলেজে এসেছিলাম। কটা দিন যাক, সব স্বাভাবিক হয়ে যাবে। এবিভিপির দাবি, এদিনের বিক্ষোভ পূর্ব পরিকল্পিত ছিল।
এদিকে, রবিবার রাতে ভাঙড়ের মাধবপুর থানা এলাকার ঝিঝিরআইটে এক বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। মাধবপুর থানায় লিখিত অভিযোগ জানাতে আসে বিজেপি নেতৃত্ব। অভিযোগ, সেই সময় ফের বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে আইএসএফের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশকর্মীদের সঙ্গেও ধস্তাধস্তি হয় বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন।  নিজস্ব চিত্র