Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জেলায় জেলায় চালু হল না ডাকঘরের নয়া প্রযুক্তি , সোমবারের পর মঙ্গলবারও গ্রাহক ভোগান্তি চরমে

সোমবার থেকে রাজ্যের সবক’টি পোস্ট অফিসে নতুন প্রযুক্তিতে পরিষেবা চালু হওয়ার কথা ছিল। কিন্তু প্রথম দিনেই মুখ থুবড়ে পড়ে পরিষেবা।

জেলায় জেলায় চালু হল না ডাকঘরের নয়া প্রযুক্তি , সোমবারের পর মঙ্গলবারও গ্রাহক ভোগান্তি চরমে
  • ৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বারাসত: সোমবার থেকে রাজ্যের সবক’টি পোস্ট অফিসে নতুন প্রযুক্তিতে পরিষেবা চালু হওয়ার কথা ছিল। কিন্তু প্রথম দিনেই মুখ থুবড়ে পড়ে পরিষেবা। ভুক্তভোগী গ্রাহকরা আশা করেছিলেন, নতুন প্রযুক্তির জন্যই হয়তো সমস্যা হয়েছে। মঙ্গলবার নিশ্চয়ই সব স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু কোথায় কী! এদিন সকাল থেকেও কলকাতা সহ জেলায় জেলায় গ্রাহকরা ডাকঘরে গিয়ে তিতিবিরক্ত হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছেন। সোমবার সকাল থেকে ডাকঘরগুলির কাউন্টারে ভিড় জমলেও ডাক বিভাগের সার্ভার খোলেইনি। মঙ্গলবারও সেই অবস্থার কোনও পরিবর্তন হয়নি। ফলে সেভিংস অ্যাকাউন্ট, স্বল্প সঞ্চয় সংক্রান্ত কাজ থেকে শুরু করে স্পিড পোস্ট, পার্সেল বুকিং সহ কোনও পরিষেবাই মেলেনি। তাহলে কয়েক কোটি টাকা খরচ করে আধুনিক প্রযুক্তি এনে কী লাভ হল, প্রশ্ন উঠছে দপ্তরের অন্দরেই।

Advertisement

গ্রাহককে অনলাইন ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সুষ্ঠু পরিষেবা দিতে দেশজুড়ে ‘অ্যাডভান্সড পোস্টাল টেকনোলজি ২.০’ শীর্ষক প্রযুক্তি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ডাকবিভাগ জানিয়েছিল, এর ফলে অনলাইনে লেনদেনের বহর যেমন বাড়বে, কিউআর কোড ভিত্তিক ইউপিআই লেনদেনের সুযোগও পাবেন গ্রাহকরা। সেই মতো কর্ণাটক, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের সর্বত্র এই পরিষেবা চালুর জন্য ৪ আগস্ট দিনটি ধার্য করা হয়। নয়া প্রযুক্তি কার্যকর করার বিষয়টি সুষ্ঠুভাবে সারতে গত শনিবার রাজ্যের সব ডাকঘরে পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। সেদিন যাঁরা ডাকঘরে গিয়েছিলেন, তাঁদের ফিরে আসতে হয়। সোমবার, তারপর মঙ্গলবার গিয়েও কোনও কাজ না হওয়ায় তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। 
বিষয়টি নিয়ে গ্রাহকরা তো বটেই, রীতিমতো বিরক্ত ডাক বিভাগের কর্মীরাও। নাম প্রকাশে অনিচ্ছুক এক পোস্টমাস্টারের কথায়, ‘এমনিতেই লিঙ্ক না থাকার কারণে গ্রাহকরা ডাকঘর পরিষেবা নিয়ে ক্ষুব্ধ। প্রযুক্তিগত নানা ঝামেলাও রয়েছে। আমরা আশায় ছিলাম, এত টাকা খরচ করে কেন্দ্র যখন নতুন প্রকল্প এনেছে, তা নিশ্চয়ই সুষ্ঠুভাবে গ্রাহকদের পরিষেবা দিতে পারবে। বাস্তবে দেখা গেল, পরপর দু’দিন গ্রাহকদের ফিরে যেতে হল পোস্ট অফিস থেকে।’ বারাসতের বিভিন্ন পোস্ট অফিসে সোমবারের পর মঙ্গলবারও দেখা গেল ডাকঘর গ্রাহকদের দুর্ভোগের চিত্র। সোমবার বারাসতের হেড পোস্ট অফিসে পেনশনের টাকা তুলতে এসেছিলেন নীলু পোদ্দার। দুপুরে এসে তিনি জানতে পারেন, কোনও কাজ হচ্ছে না। ‘কাজ যে বন্ধ থাকবে, একবার তো জানাবে পোস্ট অফিস!’— গজগজ করতে করতে বাড়ি ফেরেন তিনি। মঙ্গলবার কলেজপড়ুয়া সমীরণ মুখোপাধ্যায় বারাসত পোস্ট অফিসে এসেছিলেন কিছু নথি স্পিড পোস্ট করতে। কোনও কাজ না হওয়ায় তাঁকেও ফিরে যেতে হয়েছে। ওই ডাকঘরের এক কর্মী বলেন, ‘সিস্টেম আপডেট হচ্ছে বলে কোনও কাজ করা যাচ্ছে না। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তাও জানা নেই। তবে দু’-তিনদিনের মধ্যে সমস্যা মিটে যাবে বলে আশা করছি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ