নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাজ গুটিয়ে এসেছে অনেকটাই। তাই পুজোর আগেই নয়া শিল্পনীতি আনতে চলেছে রাজ্য। সোমবার আইসিএমএআই আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, আমরা আশা করছি পুজোর আগেই শিল্পনীতি আসবে। আসলে আমরা এই নীতি আনার বিষয়টি খাটো করে দেখেছিলাম। এর সঙ্গে জড়িত খু্ঁটিনাটি দিকগুলিকে অনুধাবন করা যায়নি। প্রসঙ্গত, এর আগে সরকার জানিয়েছিল, এই নীতি আসতে পারে ১৫ আগস্টের মধ্যে। তারপর আরও একমাস সময় চেয়ে নেওয়া হয় সরকারের তরফে।
এদিনের অনুষ্ঠানে ফের সিঙ্গুর ও টাটা প্রসঙ্গ আনেন স্বপনবাবু্। বলেন, সর্বত্রই পশ্চিমবঙ্গ সম্পর্কে হীন ধারণা পোষণ করা হত। শিল্পমহল বলত, যেখানে টাটারা ব্যাবসা করতে না পেরে ফিরে যেতে বাধ্য হয়, সেখানে অন্যান্যরা কী করে টিকে থাকবে। পূর্বতন রাজ্য সরকারও শিল্প বা ব্যবসাকে ঐচ্ছিক ও অতিরিক্ত বিষয় হিসাবে দেখত। তারা কোনো গুরুত্বই দেয়নি। এই সংকট কাটাতে হবে। তা না-হলে বাংলা যে গর্বের জায়গায় একসময় ছিল, তাকে ফেরানো যাবে না। তার জন্য সরকার শিল্পমহলকে আর্থিক সহায়তা দেবে। পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলি যেভাবে শিল্পের পাশে দাঁড়িয়েছে, এরাজ্যেও তার বেশকিছু সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী। তাঁর কথায়, রাজ্যের ভাবমূর্তি ভালো না-করলে উপায় নেই। তবেই বিনিয়োগ আসবে। লগ্নি না এলে কর্মসংস্থান হবে না, ভরবে না সরকারের কোষাগারও।