২০১৯ সালে মুক্তি পেয়েছিল কার্তিক আরিয়ান ও কৃতী শ্যানন অভিনীত ‘লুকাছুপি’। এই ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে, এই জল্পনা আগেই ছড়িয়েছিল। তবে শোনা যাচ্ছে, কার্তিক ও কৃতী ছবিতে থাকছেন না। তাঁদের পরিবর্তে মুখ্য চরিত্রে দেখা যাবে বরুণ ধাওয়ান ও শর্বরী ওয়াঘকে। এই ছবির মাধ্যমে পর্দায় নতুন জুটির রসায়ন তুলে ধরতে চেয়েছেন নির্মাতারা। সে কারণে বরুণ ও শর্বরীকে কাস্ট করা হয়েছে। দু’জনেই প্রাথমিকভাবে রাজি হয়েছেন। এর আগে ‘মুঞ্জ্য’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন বরুণ। সেখানে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল শর্ববীরকে। তাই ‘লুকাছুপি ২’ বরুণ ও শর্বরী জুটির প্রথম ছবি। ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবির থেকে সম্পূর্ণ আলাদা গল্প বলবে এই ছবি। কমেডি ঘরানার সিনেমায় পরাবাস্তবতার ট্যুইস্ট থাকবে বলে খবর। মুখ্য চরিত্রদের মতো পরিচালকও বদল হচ্ছে বলে শোনা যাচ্ছে। লক্ষ্মণ উতেকার আগের ছবিটি পরিচালনার দায়িত্ব সামলেছিলেন। তিনি এই ছবিতে সহ প্রযোজক হিসেবে থাকবেন। তবে পরিচালক কে হবেন, তা জানা যায়নি। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধ থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা।



