নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের সমস্ত নির্মীয়মাণ বাণিজ্যিক ভবন এবং ছ’তলা বা তার বেশি উচ্চতার আবাসিক (রেসিডেন্সিয়াল) বহুতলগুলির অডিট হচ্ছে। অডিটে ‘সন্তোষজনক’ মনে হলে তবেই মিলবে পুনরায় নির্মাণ শুরুর ছাড়পত্র। এ সংক্রান্ত জটিলতার মধ্যেই নতুন কোনো বিল্ডিং প্ল্যানের অনুমোদন আপাতত স্থগিত রাখছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে ‘মৌখিক নির্দেশ’ দেওয়া হয়েছে। তার প্রেক্ষিতেই কোনো নতুন নির্মাণে পুরসভার বিল্ডিং বিভাগ ছাড়পত্র দিচ্ছে না বলে খবর।
উল্লেখ্য, তারাতলায় গোডাউন বিপর্যয়ের পর প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, কলকাতাসহ সংলগ্ন বিভিন্ন পুর এলাকায় আপাতত ৩১ জুলাই পর্যন্ত সমস্ত রকম নির্মাণকাজ বন্ধ থাকবে। সমস্ত নির্মীয়মাণ বিল্ডিংয়ের অডিট হবে। পরে অবশ্য মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে ব্যাখ্যা করে দেন, কোন কোন নির্মাণ এই অডিটের আওতায় থাকবে। পুর ও নগরোন্নয়ন দপ্তর একটি নির্দেশিকা জারি করে জানায়, সমস্ত ধরনের নির্মীয়মাণ বাণিজ্যিক ভবন এর আওতায় পড়বে। পাশাপাশি, ছ’তলা বা তার বেশি উচ্চতার আবাসিক বহুতলেও এই অডিট হবে। এই সমীক্ষা বা খতিয়ে দেখার জন্য তৈরি হয় একটি হাইপাওয়ার কমিটি। সঙ্গে রয়েছে টেকনিক্যাল সাব কমিটি। সেখানে রাইটস, খড়্গপুর আইআইটির বিশেষজ্ঞরা রয়েছেন। কলকাতাসহ পার্শ্ববর্তী মোট ১৩টি পুর এলাকায় এই অডিট হচ্ছে। কীভাবে অডিট হবে, তার এসওপি তৈরি হয়েছে। শহর ঘুরে নির্মাণস্থগুলির নথিপত্রসহ যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
এই তৎপরতার মধ্যে শহরের সমস্ত ধরনের নতুন নির্মাণের ‘পারমিশন’ আর মিলছে না বলেই দাবি বিভিন্ন মহলের। সরকারি নির্দেশ অনুযায়ী, পাঁচতলা পর্যন্ত রেসিডেন্সিয়াল নির্মাণ অডিটের আওতার বাইরে রয়েছে। যে কোনো নতুন বিল্ডিংয়ের প্ল্যন অনুমোদন হবে না—এমনটাও কোথাও বলা নেই। কিন্তু কলকাতা পুরসভা সূত্রে খবর, নতুন বিল্ডিং তৈরির জন্য যে প্ল্যান জমা পড়ছে, তার একটি ক্ষেত্রেও অনুমোদন আপাতত দেওয়া হচ্ছে না। অর্থাৎ নতুন বিল্ডিং তৈরি আপাতত স্থগিত। পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকদের একাংশ জানাচ্ছে, উপর থেকে অলিখিতভাবে বার্তা এসেছে, আপাতত নতুন বিল্ডিং প্ল্যানের ছাড়পত্র দেওয়া যাবে না। তবে কাউকে প্ল্যান জমা করতে বারণ করা হচ্ছে না। বহু ফাইল পড়ে রয়েছে। আপাতত যতদিন এই অডিট চলছে, অর্থাৎ ৩১ জুলাই পর্যন্ত ছোটো-মাঝারি-বড়ো, সব ধরনের নতুন নির্মাণে অনুমোদন দেওয়া হচ্ছে না।
যদিও পুরসভার বিল্ডিং বিভাগ জানাচ্ছে, সমস্ত স্তরের কর্মী-আধিকারিক যৌথ টিমের সঙ্গে অডিটের কাজে ব্যস্ত। শহরজুড়ে প্রতিদিন নির্মীয়মাণ বিল্ডিংগুলিতে সরেজমিনে সার্ভে চলছে। সেই কাজই এখন অগ্রাধিকার পাচ্ছে। এই অবস্থায় নতুন বিল্ডিং প্ল্যানের পিছনে সময় দেওয়া যাচ্ছে না। সেই কারণেই আপাতত প্ল্যানে ছাড়পত্র দেওয়া হচ্ছে না।