Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

গম্ভীরের সামনে নতুন চ্যালেঞ্জ

গম্ভীরের সামনে নতুন চ্যালেঞ্জ
  • ১২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পর খারাপ সময় কম দেখেননি গৌতম গম্ভীর। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ০-৩ হোয়াইটওয়াশ, ডনের দেশে বর্ডার-গাভাসকর ট্রফি খোয়ানো কালো দাগ ফেলেছে কোচিং কেরিয়ারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যর্থ হলে নিশ্চিতভাবেই সমালোচনা জোরদার হতো। প্রশ্ন উঠত তাঁকে রাখার যৌক্তিকতা নিয়েই। দুবাইয়ে রোহিত শর্মার হাতে ট্রফি ওঠা সেজন্যই স্বস্তি দিচ্ছে। তবে সামনেও রয়েছে কঠিন চ্যালেঞ্জ।

Advertisement

আইপিএল শেষের পরই যেমন ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত। কিন্তু তার জন্য প্রস্তুতির বিশেষ সময় মিলবে না। ক্রিকেটাররা সকলেই ব্যস্ত থাকবেন কোটিপতি লিগে। তার চেয়েও গুরুত্বপূর্ণ হতে চলেছে লাল বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ার যাত্রাপথ। সিডনিতে শেষ টেস্ট খেলেছিল ভারত। তাতে সম্পূর্ণ ফিট হওয়া সত্ত্বেও খেলেননি রোহিত। রান আসছিল না বলে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির সাফল্যর পর হিটম্যানকে সরানো কঠিন। কিন্তু রোহিত যদি খেলেন তাহলে বসবেন কে? যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের মধ্যে কোনও একজনই সঙ্গী হবেন তাঁর। সিডনিতে এই দু’জনই ওপেন করেছিলেন। তিনে শুভমান গিল, চারে বিরাট কোহলি, পাঁচে ঋষভ পন্থ। অবশ্য বিরাটকে নিয়েও কম প্রশ্ন নেই। অস্ট্রেলিয়ায় অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে খোঁচা দিয়েই বারবার আউট হয়েছেন তিনি। চোটপ্রবণ যশপ্রীত বুমরাহকে নিয়েও থাকছে অনিশ্চয়তা। তাঁকে এবং মহম্মদ সামিকে একসঙ্গে টেস্টে খেলানো মানেই সারাক্ষণ টেনশনে থাকা। এই বুঝি কেউ চোট পেলেন!
২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় বসছে টি-২০ বিশ্বকাপের আসর। সেখানে সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলবে টিম ইন্ডিয়া। খেতাব ধরে রাখার চাপ সঙ্গী হবে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিংদের উপর। আর ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায় হবে ওডিআই বিশ্বকাপ। সেখানে কি রোহিত শর্মা ও বিরাট কোহলি খেলবেন? রোহিত এখনও সেই ব্যাপারে কিছু ভাবেননি। বিরাটও মন্তব্য করেননি। কিন্তু দু’বছর পর কি তাঁরা পারবেন কাপযুদ্ধের জন্য তৈরি থাকতে? রোহিত না খেললে ক্যাপ্টেনই বা কে হবেন? গম্ভীরের কাছে এর উত্তর এখনও নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ