নিজস্ব প্রতিনিধি, গোঘাট: গোঘাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দোতলা ভবন গড়া হবে। পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে ব্লক পাবলিক হেল্থ ইউনিট গড়া হবে। এরজন্য রাজ্য স্বাস্থ্যদপ্তর প্রায় ৬০লক্ষ টাকা বরাদ্দ করেছে। চলতি বছরেই কাজ শুরু হবে। ভবন নির্মাণের পর হাসপাতালে জেনারেটর ও ব্লাড টেস্টের সমস্যা মিটতে চলেছে বলে কর্তৃপক্ষের দাবি। আজ, বুধবার পূর্তদপ্তরের ইঞ্জিনিয়াররা ভবন নির্মাণের জন্য সেখানে পরিদর্শনে যাবেন বলে জানা গিয়েছে। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, হুগলি জেলার মধ্যে পোলবা ও গোঘাট-১ ব্লকে এই ভবন নির্মাণের বরাদ্দ দিয়ে চিঠি এসেছে। পাবলিক হেলথ ইউনিট গড়তে প্রস্তুতিও শুরু করেছে স্বাস্থ্যদপ্তর।
গোঘাট-১ পঞ্চায়েত সমিতির জন্যস্বাস্থ্য কর্মাধ্যক্ষ প্রদীপ রায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যক্ষেত্রে প্রভূত উন্নয়ন করেছেন। গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতেও তিনি তৎপর। গোঘাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নতুন বিল্ডিং হবে। তারফলে দীর্ঘদিন ধরে জেনারেটরের সমস্যা মিটবে। একইসঙ্গে জরুরি কিছু রক্ত পরীক্ষার জন্য আর আরামবাগ মেডিক্যাল কলেজে যেতে হবে না। এখানেই তা করা যাবে। বিএমওএইচ মৈনাক দত্ত বলেন, হাসপাতাল সংলগ্ন জমিতেই পাবলিক হেলথ ইউনিট গড়া হবে। এই বিল্ডিং তৈরি হলে একাধিক নতুন বিভাগ চালু হবে। জেনারেটর রাখার ঘরও হবে। ঊর্ধতন কর্তৃপক্ষ জেনারেটর অনুমোদন করলে তার ব্যবস্থা হবে। তাতে গোঘাটের বাসিন্দারা উপকৃত হবেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গোঘাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কার্যত নতুন পরিকাঠামো তৈরি হয়েছে। ইন্ডোর ও আউটডোর দুই পরিষেবাই রয়েছে। কুমুরসা, বালি ও ভাদুর পঞ্চায়েত এলাকার বেশিরভাগ রোগী দূরত্ব কম হওয়ায় সাধারণত আরামবাগ মেডিক্যালেই যান।