Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়ার চণ্ডীপুরে চার কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে নতুন সেতু

উলুবেড়িয়ার চণ্ডীপুরে চার কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে নতুন সেতু
  • ২৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মেদিনীপুর ক্যানালের দু’পাড়ের মানুষের যাতায়াতের সুবিধার্থে একটি ছোট ঢালাই সেতু তৈরি করা হয়েছিল। সেই সেতু দিয়ে পথচারীদের পাশাপাশি ছোট গাড়ি যাতায়াত করলেও বড় গাড়ি যেতে পারত না। এই সমস্যার সমাধানে উদ্যোগী হলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়। তাঁর উদ্যোগেই পুরনো সেতু ভেঙে বড় আকারের নতুন সেতু নির্মাণ করা হচ্ছে। পূর্তদপ্তর সূত্রে খবর, নতুন সেতুটি ৩০ মিটার লম্বা এবং সাড়ে ১২ মিটার চওড়া হবে। দু’পাশে থাকবে পাঁচ ফুট চওড়া ফুটপাত। এটি তৈরি করতে ব্যয় হবে চার কোটি টাকা। স্থানীয় সূত্রে খবর, চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত লাগোয়া মেদিনীপুর ক্যানালের উপরে থাকা সেতুর দু’দিকে দোকান, বাজার ছাড়াও গ্রাম পঞ্চায়েত ভবন, স্বাস্থ্য কেন্দ্র, স্কুল, বিএড কলেজ ইত্যাদি রয়েছে। আগের সেতুটি অপরিসর হওয়ায় সাধারণ মানুষকে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হচ্ছিল। হাওড়া জেলা পরিষদের সদস্য দুলাল কর বলেন, বড় গাড়ি যাতে যেতে পারে, সেভাবেই নতুন সেতুটি তৈরি করা হচ্ছে। রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়ের কাছে পুরনো সেতুর পরিবর্তে নতুন বড় সেতুর আবেদন করেছিলাম আমরা। তার ভিত্তিতেই মন্ত্রী নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেন। এটি তৈরি হয়ে গেলে জেলার দুই অন্যতম পর্যটন কেন্দ্র ৫৮ গেট এবং গাদিয়াড়ার মধ্যে দূরত্ব অনেকটা কমে যাবে।

Advertisement

মন্ত্রী পুলক রায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা-মাটি-মানুষের সরকার সবসময় মানুষের পাশে থাকে। ওখানে গ্রাম পঞ্চায়েত অফিস, স্বাস্থ্যকেন্দ্র আছে। এছাড়াও ওখান দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করেন। মানুষের স্বার্থে নতুন সেতু তৈরি করা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ