Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিউ বারাকপুর: বাড়িতে ডেকে ধর্ষণের চেষ্টা বান্ধবীকে, ধৃত জিমের মালিক

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাঁদের পরিচয়। নিয়মিত কথা হতো তাঁদের মধ্যে। ক্রমে গাঢ় হয় বন্ধুত্ব। এই যুগল ডেটিংয়েও গিয়েছেন কয়েকবার।

নিউ বারাকপুর: বাড়িতে ডেকে ধর্ষণের চেষ্টা বান্ধবীকে, ধৃত জিমের মালিক
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাঁদের পরিচয়। নিয়মিত কথা হতো তাঁদের মধ্যে। ক্রমে গাঢ় হয় বন্ধুত্ব। এই যুগল ডেটিংয়েও গিয়েছেন কয়েকবার। এর মধ্যেই যুবক শনিবার মধ্যরাতে নিজের বাড়িতে ডেকে পাঠায় তরুণীকে। তবে একা যাওয়ার ঝুঁকি নেননি তিনি। এক বন্ধু ও বান্ধবীকে সঙ্গে নিয়ে নিমতার বাসিন্দা ওই তরুণী পৌঁছে গিয়েছিলেন ‘জিম বয়’-এর বাড়িতে। সেখানে ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয় বলেও ‘জিম বয়’-এর বিরুদ্ধে অভিযোগ করেছেন তরুণী। এমনকী, তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর এক বন্ধু গুরুতর জখম হয়েছেন। নিউ বারাকপুর থানার পুলিস অভিযুক্ত যুবক বিদ্যুৎ দে’কে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃত যুবককে আজ, সোমবার বারাকপুর মহকুমা আদালতে তোলা হবে।

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিউ বারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের নবজীবন মোড়ে বাড়ি বিদ্যুতের। বাড়িতে একটি জিম রয়েছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সেই জিমের ছবি ও ট্রেনার হিসেবে নিজের ছবি পোস্ট করত বিদ্যুৎ। সেই সূত্রেই নিমতার ওই তরুণীর সঙ্গে বন্ধুত্ব হয় তার। বিরাটিতে কাপড়ের পারিবারিক ব্যবসা রয়েছে তরুণীর। এই যুগলের ‘বন্ধুত্বে’র মেয়াদ বছর দেড়েকের। শনিবার রাতেও তাঁদের মধ্যে কথা হয়। অভিযোগ, ওই যুবক তরুণীকে তাঁর বাড়িতে আসার জন্য চাপ দেয়। তরুণী নিমতা এলাকার এক বন্ধু ও বান্ধবীকে নিয়ে যুবকের বাড়িতে যান। সেখানে তাঁদের মধ্যে একান্তে কিছু কথা হয়। ওই সময় যুবক তরুণীকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। তরুণী বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয়। চিৎকার শুনে তরুণীকে বাঁচাতে যান নিমতার যুবক। তাঁকেও এলোপাথারি মারে ‘মাসলম্যান’ বিদ্যুৎ। তার ঘুসিতেই দাঁত ভেঙে রক্তাক্ত হন যুবক। ওই পরিস্থিতিতে তাঁরা কোনওমতে বিদ্যুতের বাড়ি থেকে বেরিয়ে নিউ বারাকপুর থানায় যান অভিযোগ জানাতে। অভিযোগ দায়ের করার পাশাপাশি প্রাথমিক চিকিৎসাও করা হয় তাঁদের। রবিবার সকালে পুলিস অভিযুক্ত যুবককে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কমিশনারেটের এক আধিকারিক বলেন, মধ্য রাতে কী কারণে ওই তরুণী এক বন্ধু ও বান্ধবীকে নিয়ে বিদ্যুতের বাড়িতে গিয়েছিলেন, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি তরুণীকে ওই বাড়িতে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল কি না, তা জানার চেষ্টা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ