পুরভোটে বড়ো ইস্যু বেহাল জলাশয়, সরব হাওড়াবাসী, পুকুরের বুকে আবর্জনা, পাড়ে প্রতিমার কাঠামো
  • ৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: কোথাও পুকুরের পাড় জুড়ে আবর্জনার স্তূপ, কোথাও আবার বিসর্জনের পর পড়ে রয়েছে প্রতিমার কাঠামো। কোথাও নিকাশির নোংরা জলে বিষাক্ত হয়ে উঠেছে জল, কোথাও পুকুরের একাংশ বুজিয়ে তৈরি হয়েছে কংক্রিটের নির্মাণ। দালালপুকুর থেকে বেজপুকুর, কইপুকুর— হাওড়া শহরের জলধারণের অন্যতম মাধ্যম বড়ো বড়ো জলাশয়গুলির অধিকাংশই আজ অস্তিত্বের সংকটে। বৃক্ষরোপণ থেকে ‘জল ধরো জল ভরো’, সরকারি প্রকল্পের ঘোষণার সঙ্গে বাস্তবের ফারাকও চোখে পড়ার মতো। দীর্ঘদিন পর আসন্ন হাওড়া পুরভোটে ঐতিহ্যবাহী পুকুরগুলিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জোরালো করছেন শহরবাসী।

Advertisement

মধ্য হাওড়ার ৪৩ নম্বর ওয়ার্ডের প্রায় এক বিঘা আয়তনের দালালপুকুর তার অন্যতম উদাহরণ। পুকুরের ধার ঘেঁষে জমছে প্লাস্টিক, কাচের বোতল সহ নানা আবর্জনা। বিসর্জনের পর পড়ে রয়েছে প্রতিমার কাঠামোর স্তূপ। বাসিন্দাদের অভিযোগ, এক বছরেরও বেশি সময় ধরে পুকুরটি পরিষ্কার করা হয়নি। এক সময় মাছ চাষের জন্য লিজ দেওয়ায় নিয়মিত রক্ষণাবেক্ষণ হত। মাছ চাষ বন্ধ হতেই পুকুরটি কার্যত আবর্জনা ফেলার জায়গায় পরিণত হয়েছে। ২০২৫ সালে কেন্দ্রীয় ‘অম্রুত মিত্র’ প্রকল্পে প্রায় ৪ লক্ষ ৪২ হাজার টাকা ব্যয়ে পুকুরের ধারে দেড়শো গাছ লাগানোর পরিকল্পনা থাকলেও বাস্তবে তার কিছুই হয়নি বলে অভিযোগ। বাসিন্দা রথীন সমাদ্দারের কথায়, ১৩ বছর পর ভোটের আগে পুরসভার প্রথম কর্তব্য হওয়া উচিত শহরের ঐতিহ্যবাহী জলাশয়গুলি রক্ষা করা। পুকুর সংস্কারের দাবিতে পুর প্রতিমন্ত্রী উমেশ রাইকে আবেদন জানিয়েছেন প্রাক্তন বিজেপি জেলা সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্যও। একই ছবি ২৫ নম্বর ওয়ার্ডের বেজপুকুরে। আবর্জনা ও নিকাশির নোংরা জলে দূষিত হচ্ছে পুকুরের জল। অভিযোগ, পুকুরের চারপাশে ক্রমাগত আবর্জনা ফেলে জমি বুজিয়ে তৈরি হচ্ছে নির্মাণ। ২৬ নম্বর ওয়ার্ডের কইপুকুরের অবস্থাও শোচনীয়। ২৩ নম্বর ওয়ার্ডের একটি বড়ো পুকুর পরিণত হয়েছে জলা-জঙ্গলে। মশার উপদ্রবে অতিষ্ঠ বাসিন্দারা। ৯ নম্বর ওয়ার্ডের বনলতা পার্ক সংলগ্ন একাধিক পুকুরের ধারও আবর্জনা ও প্রতিমার কাঠামোয় ভরে গিয়েছে। 
শুধু রক্ষণাবেক্ষণের অভাব নয়, পুকুর বুজিয়ে নির্মাণের অভিযোগও দীর্ঘদিনের। ৫০ নম্বর ওয়ার্ডের কোনা পর্বতপাড়ায় ১২ কাঠার পুকুর, ৩২ নম্বর ওয়ার্ডের মন্দিরতলায় ১০ কাঠার পুকুর, ২৬ নম্বর ওয়ার্ডের মাধব ঘোষ লেন এবং ৪৯ নম্বর ওয়ার্ডের তালতলার একাধিক জলাশয় বুজিয়ে ফেলার অভিযোগ তৃণমূল জমানায়। সরকারি সংরক্ষণ প্রকল্পের বোর্ড থাকলেও সেই বোর্ড উপড়ে ফেলেই প্রশাসনের নাকের ডগায় দেদার নির্মাণ চলেছে বলে অভিযোগ বাসিন্দাদের। তাই পুরবোর্ড গঠনের পর প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলারকে জলাশয় সংস্কার ও সংরক্ষণে উদ্যোগী হওয়ার দাবি জানাচ্ছেন শহরবাসী। পুকুর বুজিয়ে নির্মাণে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবিও উঠেছে। বিজেপি বিধায়ক সঞ্জয় সিংয়ের বক্তব্য, মানুষ সরকার পরিবর্তনের জন্যই বিজেপিকে ভোট দিয়েছে। হাওড়ায় নতুন পুরবোর্ড শহরের পুকুরগুলি সংস্কার ও রক্ষার দায়িত্ব নেবে।