নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার নির্বিঘ্নেই হল ডাক্তারিতে ভরতির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট)। দেশের ৫৫১টি শহরে আনুমানিক ২৩ লক্ষ পরীক্ষার্থী এবারের পরীক্ষায় বসেছিলেন। বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্স—এই তিন বিষয়ে তিন ঘণ্টা ধরে পরীক্ষা চলে। দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা হয়। বায়োলজিতে ৩৬০ এবং ফিজিক্স ও কেমিস্ট্রি—এই দুই বিষয়ে ১৮০—সবসুদ্ধ ৭২০ নম্বরে পরীক্ষা হয়। প্রতি প্রশ্নের নম্বর ছিল ৪। প্রশ্নপত্র খুব কঠিনও নয় আবার খুব সহজও নয়—মাঝারি গোত্রের বলে জানাচ্ছেন পরীক্ষার্থীরা ও প্রস্তুতিতে যুক্ত শিক্ষক-শিক্ষিকারা। তবে বেশকিছু প্রশ্নের ধরন দীর্ঘ বলে বহু ছাত্রছাত্রীকে সময়ে শেষ করতে হিমশিম খেতে হয়।



