নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৭ সালের জুলাই মাসে দেশে জিএসটি ব্যবস্থা কার্যকর হয়। জিএসটি সংক্রান্ত সমস্যার সুরাহার জন্য ট্রাইবুনাল চালুর দাবি করেছিল বিভিন্ন মহল। গতবছর সেই ট্রাইবুনাল চালুও হয়। কিন্তু যতটা সাড়া পাওয়া যাবে বলে আশা করা গিয়েছিল, সেই সাড়া মিলছে না বলেই দাবি করলেন জিএসটি আপিল ট্রাইবুনালের প্রেসিডেন্ট বিচারপতি (অবসরপ্রাপ্ত) সঞ্জয়কুমার মিশ্র। বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, যেভাবে ট্রাইবুনালে নাম নথিভুক্তির আগ্রহ ছিল, তাতে আমাদের অনুমান ছিল অন্তত আড়াই লক্ষ মামলা জমা হবে। কিন্তু তার মধ্যে মাত্র এক তৃতীয়াংশ জমা পড়েছে। তাঁর হিসাব, গতবছরের সেপ্টেম্বর থেকে ট্রাইবুনালে মাত্র ৭৪ হাজার ৭৫৮টি মামলা দায়ের হয়েছে।



