Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

শূন্য থেকে শুরু করতে চান নীরজ

চোট যেন কিছুতেই নীরজ চোপড়ার পিছু ছাড়ছে না। লিগামেন্টে আঘাত লাগায় চলতি এশিয়ান গেমসে নেই ভারতের সোনার ছেলে। হতাশা গোপন করেননি তারকা জ্যাভেলিন থ্রোয়ার।

শূন্য থেকে শুরু করতে চান নীরজ
  • ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: চোট যেন কিছুতেই নীরজ চোপড়ার পিছু ছাড়ছে না। লিগামেন্টে আঘাত লাগায় চলতি এশিয়ান গেমসে নেই ভারতের সোনার ছেলে। হতাশা গোপন করেননি তারকা জ্যাভেলিন থ্রোয়ার। নীরজের মন্তব্য, ‘আপশোস তো হচ্ছেই। কিন্তু পরিস্থিতি আমার হাতের বাইরে।’ উল্লেখ্য, গত দুটি এশিয়ান গেমসেই সোনা জিতেছিলেন নীরজ। নাগোয়ার ট্র্যাকেও শিরোপা জিততে মরিয়া ছিলেন তিনি। কিন্তু হ্যাটট্রিকের স্বপ্ন ভেঙে চুরমার। এমনকি, ডায়মন্ড লিগ ফাইনালেও নেই তিনি। কঠিন সময় কাটিয়ে দ্রুত প্রত্যাবর্তনই নীরজের টার্গেট। বললেন, ‘এটাই জীবন। উত্থান-পতন থাকেই। তবে আপাতত রিহ্যাব করে ফিট হওয়াই লক্ষ্য।’

Advertisement

ছ’বছর আগে নীরজের হাত ধরে টোকিও ওলিম্পকসে সোনা জেতে ভারত। আর ২০২৪ প্যারিস গেমসে জেতেন রুপো। তারপর থেকেই চোট ভোগাচ্ছে তাঁকে। ২৮ বছর বয়সির কেরিয়ার নিয়ে তাই বেশ উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। অস্বীকার করার উপায় নেই, কেরিয়ারে সোনালি সময় পেরিয়ে এসেছেন নীরজ। ক্রমাগত চোটের জেরে ধারবাহিকতা বজায় রাখাও মুশকিল। শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগে, জার্মানির জুলিয়ান ওয়েবার, অ্যান্ডারসন পিটার্সরা ক্রমাগত চাপ বাড়াচ্ছেন ভারতীয় তারকার উপর। পেশাদার সার্কিটে এই মুহূর্তে বেশ কঠিন পরিস্থিতিতে নীরজ।  চলতি মরশুমে অবশ্য ছন্দেই ছিলেন পানিপতের এই অ্যাথলিট। লুসানে আয়োজিত ডায়মন্ড লিগে ৮৮.০৫ মিটার ছুড়ে রুপো জেতেন তিনি। এরপরেই ফের তাল কাটে। লিগামেন্টে মারাত্মক আঘাতের ফলে এশিয়ান গেমস তো বটেই, ছিটকে যান ডায়মন্ড লিগ ফাইনাল থেকেও। নীরজের আপশোস, ‘সব ঠিকঠাক চলছিল। ফিরে পাচ্ছিলাম আত্মবিশ্বাস। ঠিক তখনই এভাবে ছিটকে যাওয়াটা দুর্ভাগ্য ছাড়া আর কী! মেনে নেওয়া ছাড়া উপায় নেই।’
আসলে ডায়মন্ড লিগে খেতাব জিততে মরিয়া ছিলেন নীরজ। কিন্তু অনুশীলনে যে এমন ধাক্কা লাগবে, তা বোধহয় কোচিং স্টাফেরাও ভাবতে পারেননি। নীরজের মন্তব্য, ‘ফের শূন্য থেকে শুরু করতে হবে। যত্ন নিয়ে রিহ্যাব ও অনুশীলন প্রয়োজন। যে কোনো ক্রীড়াবিদের কাছেই এটা দুঃস্বপ্নের মতো। তবে আমি হাল ছাড়ার পাত্র নয়।’

Advertisement
সম্পর্কিত সংবাদ