Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আগামী দিনে আরও উন্নতি করাই লক্ষ্য নীরজ চোপড়ার

আগামী দিনে আরও উন্নতি করাই লক্ষ্য নীরজ চোপড়ার
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্যারিস: প্রায় দু’বছর পর ডায়মন্ড লিগে সোনা জিতলেন নীরজ চোপড়া। নিজের পারফরম্যান্সে খুশি ভারতীয় জ্যাভেলিন থ্রোয়ার। প্রতিযোগিতার শেষে তিনি বলেন, ‘অনেক অপেক্ষা করতে হয়েছে। অবশেষে সোনা জিততে পেরে খুশি। তবে আরও ভালো করতে হবে।’ উল্লেখ্য, গত বছর এই স্টেডিয়ামে রুপো জিতেছিলেন তিনি। তার আগে শেষবার শেন নদীর দেশে নীরজ সোনা জেতেন ২০১৭ সালে। সেবার প্যারিসেই জুনিয়র বিশ্বচ্যাম্পিয়ন হন তিনি।  

Advertisement

সোনা জিতলেও নিজের সেরা দূরত্বের ধারেকাছে পৌঁছতে পারেননি নীরজ। প্যারিসে ৮৮.১৬ মিটার জ্যাভেলিন ছুড়েই সাফল্য পেলেন তিনি। গত মাসে দোহা ডায়মন্ড লিগে ৯০ মিটারের ম্যাজিক ফিগার অতিক্রম করেছেন সোনার ছেলে। সেই আসরে ৯০.২৩ মিটার ছুড়েও দ্বিতীয় স্থানে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। শেষ থ্রোয়ে ৯১.০৬ মিটার দূরত্ব অতিক্রম করে বাজিমাত করেন জার্মানির জুলিয়ান ওয়েবার। প্যারিসে সেই হারের মধুর প্রতিশোধ নিলেও সেরা ছন্দে না থাকার হতাশাও শোনা গেল নীরজের গলায়। তাঁর বিশ্লেষণ, ‘৯০ মিটারের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আরও অনুশীলন করতে হবে। বিশেষ করে পেশির শক্তি আরও বাড়ানো প্রয়োজন। কারণ, রান-আপ নিয়ে কোনও অসুবিধা নেই।’ সামান্য থেমে তাঁর সংযোজন, ‘আসলে ছোড়ার সময় টেকনিক্যালি কিছু ভুল থাকছে। জ্যাভেলিন আরও কোনাকুনি ভাবে উপরে রাখতে পারলে দূরত্ব বাড়বে। কোচ জান জেলেজনির তত্ত্বাবধানে এই সব নিয়েই কাজ করছি।’ 
আগামী ২৪ জুন অস্ট্রাভা গোল্ডেন স্পাইক মিটে ফের নামবেন নীরজ। সেখানেও সোনা জয়ের ধারা বজায় রাখার পাশাপাশি ৯০ মিটার ছোড়াই লক্ষ্য ভারতের সোনার ছেলের। এছাড়া নিজেকে ফিট রাখার চ্যালেঞ্জও রয়েছে তাঁর সামনে।

Advertisement
সম্পর্কিত সংবাদ