নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভরা বর্ষায় রাজ্যে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় আড়াই হাজার। এখনও পর্যন্ত রোগ সংক্রমণে দাপট দেখাচ্ছে দক্ষিণবঙ্গ। সংক্রমণের নিরিখে এগিয়ে থাকা ১০ জেলার মধ্যে মালদহ বাদে ন’টি জেলাই দক্ষিণবঙ্গের। সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে মুর্শিদাবাদে। তারপরই রয়েছে কলকাতা লাগোয়া জেলা উত্তর ২৪ পরগনা। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে হুগলি ও হাওড়া। পঞ্চম স্থানে রয়েছে মালদহ। ডেঙ্গু সংক্রমণে ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে কলকাতা, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া এবং পূর্ব বর্ধমান। রাজ্য স্বাস্থ্যদপ্তর সূত্রে এই খবর জানা গিয়েছে। এই পরিসংখ্যান চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জুন পর্যন্ত সময়ের।



