Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গড়াইমারি হাসপাতালের হাল ফেরাতে বরাদ্দ প্রায় দেড় কোটি

গড়াইমারি হাসপাতালের হাল ফেরাতে বরাদ্দ প্রায় দেড় কোটি
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ডোমকল: কয়েক দশক আগেই বন্ধ হয়ে গিয়েছিল অন্তর্বিভাগ। বহির্বিভাগ পরিষেবা চালু থাকলেও ধুঁকছিল ডোমকলের গড়াইমারি হাসপাতাল। বিল্ডিংয়ের ছাদ দিয়ে জল চুঁইয়ে পড়ছিল। তাই হাসপাতালের যে কোনও যন্ত্রাংশ পলিথিনে জড়িয়ে রাখতে হয়। তবে শেষপর্যন্ত ওই হাসপাতালের বিল্ডিংয়ের হাল ফেরাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর প্রায় এক কোটি ৪২ লক্ষ টাকা খরচ করে ওই হাসপাতালের নতুন বিল্ডিং তৈরির কথা ঘোষণা করেছে।  

Advertisement

ডোমকলের গড়াইমারি যাদব কৃষ্ণ বিদ্যানিকেতনে থেকে ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে ওই স্বাস্থ্যকেন্দ্র। স্থানীয় সূত্রে খবর, নব্বইয়ের দশকে ওই হাসপাতালে ভালো চিকিৎসা হতো। নদীয়া জেলার সীমান্ত ঘেঁষা এই হাসপাতালে বহির্বিভাগের পাশপাশি চালু ছিল অন্তর্বিভাগও। গড়াইমারি, ঘোড়ামারা, কুঁচিয়ামোড়া, কুপিলা ছাড়াও নদীয়া জেলার একাংশের মানুষ ওই স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করাতে আসতেন। রোগীর ভিড়ে গমগম করত হাসপাতাল চত্বর।
২০০০ সালের পর থেকে এলাকায় চুরি, ছিনতাই ও সন্ত্রাস বাড়তে থাকে। ফলে হাসপাতাল ছাড়তে থাকেন একের পর এক চিকিৎসক। গরিমা হারাতে থাকে ওই হাসপাতাল। ফলে একসময় বন্ধ হয়ে যায় অন্তর্বিভাগ। বহির্বিভাগ চালু থাকলেও কখনও চিকিৎসক, কখনও স্বাস্থ্যকর্মীর অভাবে ধুঁকতে থাকে এই হাসপাতাল। গত কয়েক বছরে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়ে যে, গ্রুপ ডি কর্মীর অভাবে হাসপাতালে ব্যান্ডেজ বাঁধার কাজ করতে হতো সাফাইকর্মীকে। তাছাড়া বিল্ডিংয়ের ভগ্ন দশার জন্য সমস্যায় পড়তেন স্বাস্থ্যকর্মীরা। 
দীর্ঘদিন ধরে বিল্ডিংয়ের সংস্কার না হওয়ায় ছাদে ফাটল ধরেছে। বৃষ্টি হলেই সেই ফাটল দিয়ে জল চুঁইয়ে পড়ে। পরিস্থিতি এতটাই খারাপ যে হাসপাতালের একাধিক গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি পলিথিন দিয়ে ঢেকে রাখতে হয়েছে। হাসপাতালের হাল ফেরানোর দাবি জানিয়ে আসছিলেন এলাকার লোকজন থেকে বিভিন্ন রাজনৈতিক দলও। দেরিতে হলেও শেষ পর্যন্ত হাসপাতালের বিল্ডিংয়ের হাল ফেরাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। মঙ্গলবার ওই দফতরের পক্ষ থেকে হাসপাতালটির নতুন বিল্ডিং তৈরির জন্য এক কোটি ৪২ লক্ষ টাকার বেশি অনুমোদন করা হয়েছে। খুব দ্রুত জেলা পরিষদের মাধ্যমে ওই কাজ শুরু করা হবে।
ডোমকলের বিডিও শঙ্খদ্বীপ দাস বলেন, এলাকার মানুষজন দীর্ঘদিন ধরে ওই হাসপাতালের উন্নতির দাবি জানিয়ে আসছিলেন। আমরা সেই দাবিকে মান্যতা দিয়ে হাসপাতালটি পরিদর্শন করে গত মার্চ মাসে একটা রিপোর্ট পাঠিয়েছিলাম। অবশেষে হাসপাতালের বিল্ডিং তৈরির জন্য এক কোটি ৪২ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। আশা করি, সেই কাজের পর এলাকার স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত হবে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ