নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বর্ষার আগেই আরামবাগে মোতায়েন করা হল এনডিআরএফ। ফি বছর আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। ফলে উদ্ধার কাজে নামানো হয় এনডিআরএফের জওয়ানদের। এবারও উদ্ধার কাজে ব্যবহার করার জন্য এনডিআরএফ টিমকে নামানো হয়েছে। আরামবাগ মহকুমা প্রশাসনের এক আধিকারিক বলেন, সম্প্রতি প্রায় ৩৫ জনের একটি এনডিআরএফ দল আরামবাগে এসেছে। জওয়ানদের পাশাপাশি রয়েছেন কমান্ডাররাও। তাঁরা এলাকা ঘুরে দেখছেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে বন্যা মোকাবিলা নিয়ে সচেতনতাও করছেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ডিভিসির ছাড়া জল ও অতি বৃষ্টিতে ফি বছর বর্ষায় আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ভেঙে যায় বিভিন্ন নদীর বাঁধও। তখনই গ্রামের পর গ্রাম ভেসে যায়। আরামবাগ, গোঘাট, খানাকুল ও পুরশুড়া প্রত্যেকটি থানা এলাকাই ক্ষতিগ্রস্ত হয়। গত বছরই মহকুমায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। বিভিন্ন এলাকায় দুর্গতদের উদ্ধার করেন এনডিআরএফের জওয়ানরা। তাঁদের সঙ্গে পুলিস ও রাজ্যের সিভিল ডিফেন্স কর্মীরাও থাকেন। অসুস্থ, বৃদ্ধ ও বৃদ্ধাদের উদ্ধার করে উঁচু জায়গায় নিয়ে আসা হয়। তারপরেও অবশ্য একাধিক প্রাণহানির ঘটনা ঘটে। বছর কয়েক আগে দুর্গতদের উদ্ধার করার জন্য এয়ার লিফক্টিং করতে হয়। তাই এবারও মহকুমায় বন্যা মোকাবিলায় উদ্ধার কাজের জন্য এনডিআরএফকে মোতায়েন করেছে প্রশাসন।
প্রশাসনের এক আধিকারিক বলেন, এনডিআরএফ টিমের কাছে বোট সহ প্রয়োজনীয় সামগ্রী রয়েছে।