পুরভোটে প্রার্থী দেওয়া নিয়ে দিল্লি বিজেপির শীর্ষ নেতৃত্বের দিকে তাকিয়ে এনসিপিআই
  • ২৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: আসন্ন কলকাতা ও হাওড়া পুরসভার ভোটে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই কতগুলি ওয়ার্ডের প্রার্থী দিতে পারবে, তা হলফ করে বলতে পারল না। শনিবার এনসিপিআই দলের দপ্তরে সাংবাদিক বৈঠক করে মুখপাত্র অনুরাগ সিং এবং উত্তীয় কুন্ডু বলতে পারলেন না পুর ভোটে আদৌ কতগুলি ওয়ার্ডে তাঁরা প্রার্থী দিতে পারবেন। শুধু তাঁরা জানালেন, আমরা প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত।

Advertisement

যদিও প্রার্থী দেওয়ার প্রক্রিয়াতে বিজেপির দিকেই পুরোপুরি ভাবে ঝুঁকে রয়েছেন এনসিপিআই রাজ্য নেতৃত্ব। যদি বিজেপি কোনো আসন ছাড়ে, তাহলেই শিকে ছিড়তে পারে এনসিপিআইয়ের। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এনসিপিআই নেতৃত্বের বক্তব্য, এনডিএ জোটে বিজেপির সঙ্গে আমরা রয়েছি। পুরসভা নির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে আমাদের সঙ্গে বিজেপি নেতৃত্বের আলোচনা চলছে। আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা বলতে পারব না, ঠিক কতগুলি আসনে প্রার্থী দেওয়া হবে। তবে গত কয়েকদিন ধরে বাংলায় বিজেপির একাধিক নেতা প্রকাশ্যে বলেছেন, তারা এককভাবে লড়াই করবেন। স্বাভাবিকভাবে এই ঘটনা এনসিপিআই দলের উপর আরও চাপ বাড়িয়েছে। সেক্ষেত্রে এনসিপিআই মুখপাত্র অনুরাগ সিং বলেন, দিল্লিতে নেতৃত্ব রয়েছেন। দিল্লি বিজেপি নেতৃত্বের সঙ্গে আমাদের নেতাদের কথাবার্তা তো হবেই। তারপর দেখা যাবে কী হয়! তবে এটাও সাংবাদিক সম্মেলনে এনসিপিআই নেতৃত্ব স্পষ্ট করেছেন, দাগীদের আমরা নির্বাচনে প্রার্থী করব না, দলে নেব না। কিন্তু এই দাগী বলতে কাদের বোঝানো হয়েছে, প্রশ্ন উঠেছে। এই দাগী শব্দ উল্লেখ করায় সাংবাদিক সম্মেলনেই এনসিপিআই মুখপাত্রের দিকে প্রশ্ন ধেয়ে আসে, আপনাদের দলে এমন বেশ কয়েকজন সাংসদ রয়েছেন, যাঁদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, সেক্ষেত্রে? খানিকটা ঢোঁক গিলে এনসিপিআই নেতৃত্বের বক্তব্য—বিষয়টি বিচারাধীন।