Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিপুল টাকার ক্ষতি হলেও বাসে আর গুটখা, পানমশলার বিজ্ঞাপন লাগাবে না এনবিএসটিসি

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) বাসের গায়ে গুটখা, পানমশলার মতো সমস্ত বিজ্ঞাপন মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে এজেন্সিকে।

বিপুল টাকার ক্ষতি হলেও বাসে আর গুটখা, পানমশলার বিজ্ঞাপন লাগাবে না এনবিএসটিসি
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) বাসের গায়ে গুটখা, পানমশলার মতো সমস্ত বিজ্ঞাপন মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে এজেন্সিকে। বিজ্ঞাপন এজেন্সি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সেসব বিজ্ঞাপন মুছে না দেয় তাহলে নিগমের পক্ষ থেকেই সেই বিজ্ঞাপনগুলি মুছে দেওয়া হবে। দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর হবে। নিগমের প্রায় ১৫০টি বাসে এমন গুটখা ও পান মশলার বিজ্ঞাপন রয়েছে। নিগমের দাবি, বিজ্ঞাপনের মাধ্যমে আগে বছরে ৪০ লক্ষ টাকা আয় হতো। এখন সেই আয় দাঁড়িয়েছে বছরে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা। কিন্তু বিজ্ঞাপনে আয় যতই বাড়ুক কোনও নেশাজাত সামগ্রীর বিজ্ঞাপন নিগম বাসের গায়ে রাখবে না। সেই কারণেই এই সিদ্ধান্ত বলে নিগম সূত্রে জানা গিয়েছে।

Advertisement

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, নির্দিষ্ট নির্দেশিকা অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুটখা, পানমশলার বিজ্ঞাপন তুলে দেওয়া হবে। বিজ্ঞাপনের ক্ষেত্রে পুরনো সংস্থার জায়গায় নতুন সংস্থা আসছে। তাদের বলা হয়েছে গুটখা, পানমশলার বিজ্ঞাপন তুলে তারা অন্য বিজ্ঞাপন লাগান। সেটা না হলে আমরা নিজেরাই বাসের গায়ের বিজ্ঞাপন তুলে দেব। বিজ্ঞাপনের মাধ্যমে নিগম এখন দু’টি ডিভিশনে বছরে ১ কোটি ২৫ লক্ষ টাকা আয় করছে। আগামীতে সেই আয় আরও বাড়বে।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বিভিন্ন ভাবে তাদের আয় বাড়ানোর চেষ্টা করছে। তার মধ্যে বিজ্ঞাপন একটা বড় আয়ের উৎস। কিন্তু দীর্ঘদিন ধরেই বাসের গায়ে গুটখা, পান মশলার বিজ্ঞাপন লাগানো থাকে। এবিষয়ে সম্প্রতি কিছু বিধি নিষেধ জারি হয়েছে। আর সেই বিধি নিষেধকে মর্যাদা দিতেই নিগমের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ