Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

লোক আনতে মোদির সভায় বেসরকারি বাস, বাড়তি গাড়ি নামাল এনবিএসটিসি

আজ, বৃহস্পতিবার আলিপুরদুয়ারে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সভার আগে কোচবিহার সহ আশেপাশের জেলার বেসরকারি বাস রাস্তা থেকে উধাও হয়ে গিয়েছে।

লোক আনতে মোদির সভায় বেসরকারি বাস, বাড়তি গাড়ি নামাল এনবিএসটিসি
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: আজ, বৃহস্পতিবার আলিপুরদুয়ারে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সভার আগে কোচবিহার সহ আশেপাশের জেলার বেসরকারি বাস রাস্তা থেকে উধাও হয়ে গিয়েছে। কোচবিহার জেলার প্রায় ৬৫ শতাংশ বেসরকারি বাস মোদির সভার জন্য তুলে নেওয়া হয়েছে। এতে মাথাভাঙা সহ জেলার বেশকিছু জায়গার বেসরকারি পরিবহণের উপর ব্যাপক প্রভাব পড়েছে। সপ্তাহের কাজের দিনে হঠাৎ করে বিভিন্ন রুট থেকে বিপুল সংখ্যক বাস তুলে নেওয়ায় যাত্রীরা বিপাকে পড়ছেন। এদিকে, যাত্রীদের কথা ভেবেই পরিস্থিতি মোকাবিলায় আসরে নেমেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। মোদির সভার দিন যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় অতিরিক্ত বাস চালাচ্ছে এনবিএসটিসি। প্রায় ৫০টি অতিরিক্ত বাস বুধবার বিকেল থেকে রাস্তায় নামানো হয়েছে। যা আজ, বৃহস্পতিবার সারা দিন চলানো হবে। 

Advertisement

কোচবিহার জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র অনুপ অধিকারী বলেন, আমাদের প্রায় ৬০-৬৫ শতাংশ বাস নেওয়া হয়েছে। কোচবিহার জেলায় প্রায় ২৫০টি বাস চলে। মাথাভাঙা সব বাসই নিয়ে নিয়েছে। একটু সমস্যা তো হলই।
অন্যদিকে, এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, শুনেছি ওই সময় বেসরকারি বাস পরিষেবা অনেকটাই কম থাকবে। তাই যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে আমরা রাস্তায় অতিরিক্ত বাস নামিয়েছি। বুধবার বিকেল থেকেই ওই বাসগুলি রাস্তায় থাকছে। বৃহস্পতিবারও যাত্রীদের চাহিদা অনুসারে অতিরিক্ত বাস চালানো হবে। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় প্রয়োজন মতো ওই বাসগুলি চালানো হচ্ছে। 
আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার কারণে স্বাভাবিকভাবেই তিন জেলা থেকে প্রচুর মানুষ আনার চেষ্টা চালাচ্ছে বিজেপি। আর সেই কারণে প্রচুর বাসের প্রয়োজন। কোচবিহার জেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় ২৫০টি বাস চলে। যেগুলি জেলার প্রধান রুটের পাশাপাশি বহু প্রত্যন্ত এলাকাতেও চলাচল করে। কিন্তু বিপুল সংখ্যক বাস ওই সভার জন্য ভাড়া নেওয়ার কারণে রুটগুলি থেকে বেসরকারি বাস কার্যত উধাও হয়ে গিয়েছে। আর এতেই সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে বাস না পেয়ে বিপাকে পড়ছেন। 
এদিকে, এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন নিগমের প্রায় ৬০০ গাড়ি বিভিন্ন রুটে চলাচল করে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মধ্যেই ৩৫০-৩৭৫টি বাস চলে। সেখানে এখন প্রয়োজন অনুসারে অতিরিক্ত বাস চালাচ্ছে নিগম। 

Advertisement
সম্পর্কিত সংবাদ