নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এশিয়ার সর্ববৃহৎ ও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা রিজার্ভ বা ব্লক দেউচা পাচামি। শুরুতেই ৩২৬ একর এলাকাজুড়ে হবে ব্যাসল্ট উত্তোলনের কাজ। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিন, অর্থাৎ ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সেই কাজ। এই এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস। অধিকাংশ পরিবারের সদস্যের চাকরি সহ অন্যান্য সুযোগ-সুবিধা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে বলে দাবি রাজ্যের। ব্যাসল্ট উত্তোলন যে এলাকায় হবে, সেখানকার বাসিন্দাদের সরানোর খুব একটা প্রয়োজন পড়বে না। তাই এখন নির্বিঘ্নে কাজ এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন নাগরিক পরিষেবা আরও ভালোভাবে পৌঁছে দিতে পদক্ষেপ গ্রহণ করল রাজ্য। তাঁদের বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য করা হবে। তার জন্য সংশ্লিষ্ট প্রতিটি দপ্তরের সচিব এই এলাকা পরিদর্শনে যাবেন। সোমবার থেকেই সচিবরা যাওয়া শুরু করবেন বলে খবর। তাঁরা গিয়ে পরিষেবা প্রদানের কাজ তদারকি করবেন।
Advertisement
প্রসঙ্গত, বাণিজ্য সম্মেলনে দেউচা প্রকল্পের কথা বিশেষ গুরুত্ব দিয়ে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একেই ‘পাখির চোখ’ করে এগচ্ছে রাজ্য সরকার। কারণ, প্রায় ৩৪০০ একর এলাকাজুড়ে এই কর্মকাণ্ডে ৩৫ হাজার কোটি টাকার বিনিয়োগ এবং অন্তত এক লক্ষ মানুষের কর্মসংস্থান নিশ্চিত হতে চলেছে।



