সংবাদদাতা, বসিরহাট: বাদুড়িয়ায় অমানবিক ঘটনা। দিনের পর দিন নাবালক নাতিকে না খেতে দিয়ে অত্যাচার করে ঘরের মধ্যে আটকে রাখার অভিযোগ। অভিযোগের তির দ্বিতীয় পক্ষের মা, দাদু ও দিদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাদুড়িয়া থানার নারায়ণপুরে। অভিযোগ, রজ মণ্ডল তার স্ত্রী ও তাঁদের মেয়ে পরভিন বিবির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রজ মণ্ডল তাঁর মেয়ে পরভিনকে কাশ্মীরের এক যুবকের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। যুবকটির প্রথম স্ত্রী মৃত। তাঁর আগের পক্ষের একটি পুত্রসন্তান আছে। নারায়ণপুরে দ্বিতীয় শ্বশুরবাড়িতে নাদিম মনসুর নামে ১৪ বছরের ওই পুত্রকে রেখেছিলেন। সেই নাবালকটিকেই শুক্রবার এলাকার মানুষ রজদের ঘর থেকে উদ্ধার করে অসুস্থ ও ক্ষুধার্ত অবস্থায়। স্থানীয়দের অভিযোগ, গত আট মাস ঘরের ভেতর আটকে রাখা হয়েছিল নাদিমকে। খেতে দেওয়া হতো না। মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো। আর কয়েকদিন এই অবস্থায় থাকলে মারা যেতে পারত সে। পুলিস উদ্ধার করে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় নাদিমকে। দাদু রজ মণ্ডলকে গ্রেপ্তার করে। যজিও রজদের পরিবারের বক্তব্য, বাচ্চাটির পেটের সমস্যা বলে শরীর ওরকম। ওকে যত্ন করা হয়।



