সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হল। মৃতের নাম আসিফ মন্ডল ওরফে সাহিল (২৪)। বাড়ি নবদ্বীপ স্বরূপগঞ্জ পঞ্চায়েতে ট্যাংরা পূর্ব পাড়ায়। বুধবার সকালে ওই যুবককে নিজের ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। তাঁকে উদ্ধার করে নবদ্বীপ মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের মামা তাজমহম্মদ মন্ডল বলেন, ভাগ্নে কৃষ্ণনগরে একটি সোনা রূপোর দোকানে কাজ করত। মঙ্গলবার ভাগ্নে স্ত্রীকে নিয়ে তিওরখালিতে এক বন্ধুর বিয়েতে গিয়েছিল। মঙ্গলবার রাতে ভাগ্নে যথারীতি বাড়িতে ফিরে আসে। কিন্তু ওর স্ত্রী তিওরখালিতে বাবার বাড়িতে থেকে যায়। রাতেই বাড়ি ফিরে এসে নিজের ঘরে শুয়ে পড়েছিল সাহিল। তারপর সকালে ওকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পুলিস একটি অস্বাভাবিক মামলা রুজু করেছে। প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরে ওই যুবক আত্মঘাতী হয়েছেন। বুধবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।



