নয়াদিল্লি: গান ও মিউজিক ভিডিয়োতে অশালীন কথা ও আপত্তিকর দৃশ্য উপস্থাপনের অভিযোগ। কড়া পদক্ষেপ নিল জাতীয় মহিলা কমিশন। নোরা ফতেহি, সঞ্জয় দত্ত, বাদশার মতো একাধিক তারকাকে তলব করা হয়েছে। আসন্ন কন্নড় ছবি ‘কেডি দ্য ডেভিল’ ছবির গান ‘সারকে চুনার’ ঘিরে বিতর্ক অব্যাহত। কমিশনের দাবি, ভারতীয় আইনের একাধিক ধারার পরিপন্থী গানটি। এই ঘটনায় নোরা ও সঞ্জয় ছাড়াও গীতিকার, প্রযোজককে নোটিস পাঠানো হয়েছে। আগামী ২৪ মার্চ হাজিরা দিতে হবে তাঁদের। গানটি মুক্তির পরেই তীব্র সমালোচনা শুরু হয়। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তা সরিয়ে ফেলা হয়। পাশাপাশি কেন্দ্রের তরফে গানটিকে সমস্ত প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও নোরা দাবি করেছেন, তিন বছর আগে গানটির কন্নড় ভার্সনের জন্য শ্যুটিং করেছিলেন তিনি। তবে হিন্দি সংস্করণ নিয়ে আপত্তি উঠতে পারে আগেই নাকি জানিয়েছিলেন তিনি। এদিকে, বাদশার একটি গান ঘিরেও সমালোচনার ঝড় বইছে। স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিয়েছে মহিলা কমিশন। গানটির কথা, দৃশ্য সহ একাধিক বিষয়ে আপত্তি তোলা হয়েছে। এই ঘটনাতেও বাদশার পাশাপাশি পরিচালক, প্রযোজকদের নোটিস পাঠানো হয়েছে।



