Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

নিরাপত্তা রক্ষীদের চুক্তি বাড়াতে চাওয়া হচ্ছে ঘুষ, তপ্ত জেএনইউ

নিরাপত্তা রক্ষীদের চুক্তির মেয়াদ বৃদ্ধি করার জন্য চাওয়া হচ্ছে ঘুষ। জেএনইউ কর্তৃপক্ষের প্রত্যক্ষ মদতেই এমন কাজ করছে ঠিকাদার সংস্থা।

নিরাপত্তা রক্ষীদের চুক্তি বাড়াতে চাওয়া হচ্ছে ঘুষ, তপ্ত জেএনইউ
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিরাপত্তা রক্ষীদের চুক্তির মেয়াদ বৃদ্ধি করার জন্য চাওয়া হচ্ছে ঘুষ। জেএনইউ কর্তৃপক্ষের প্রত্যক্ষ মদতেই এমন কাজ করছে ঠিকাদার সংস্থা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছে জেএনইউ ছাত্র সংসদ। আর তারই জেরে এই মুহূর্তে রীতিমতো সরগরম হয়ে রয়েছে দিল্লির ঐতিহ্যবাহী জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ক্যাম্পাস চত্বর। ইতিমধ্যেই এসংক্রান্ত বিষয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছে জেএনইউ ছাত্র সংসদ। ক্যাম্পাস চত্বরে ধর্না বিক্ষোভে শামিল হয়েছেন ছাত্র সংসদের সদস্যরা। আসরে নেমেছে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলিও। জানা যাচ্ছে, এবিষয়ে এফআইআর দায়ের করার পথে হাঁটতে চলেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। 

Advertisement

বিতর্ক এবং জেএনইউ ক্যাম্পাসকে আলাদা করা যায় না। তবে সেই ‘বিতর্কে’র অনেকটাই প্রাতিষ্ঠানিক এবং রাজনৈতিক সংক্রান্ত। ঘুষ চাওয়ার মতো গুরুতর অভিযোগে শেষ কবে জেএনইউ ক্যাম্পাস এভাবে উত্তাল হয়েছে, সেই ব্যাপারে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। জেএনইউ ছাত্র সংসদের অবশ্য অভিযোগ, এবারই প্রথম নয়। অতীতেও এমন ঘটনা ঘটেছে। সেইসময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট মর্মে অভিযোগও জানানো হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি। জেএনইউ ছাত্র সংসদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে যেসব নিরাপত্তা রক্ষী কাজ করেন, তাঁদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করে সংশ্লিষ্ট বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থা। এক বছরের মেয়াদে সেই চুক্তি হয়। ৪০ হাজার টাকা না দিলে চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হবে না বলে নিরাপত্তা কর্মীদের হুঁশিয়ারি দিচ্ছে ওই ঠিকাদার সংস্থা। চুক্তির মেয়াদ শেষ হতে চলা প্রত্যেক নিরাপত্তা কর্মীর কাছ থেকেই কমপক্ষে ৪০ হাজার টাকা করে চাওয়া হচ্ছে বলে অভিযোগ। শুক্রবার এব্যাপারে জেএনইউয়ের সিকিউরিটি ডিরেক্টরের কাছে প্রতিবাদ পত্র জমা দেয় ছাত্র সংগঠন। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তও দাবি করা হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে জেএনইউ কর্তৃপক্ষ এসংক্রান্ত বিষয়ে মুখ খোলেনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ