সংবাদদাতা, পতিরাম: ন্যাশনাল ব্যাম্বু মিশনের আওতায় এবার রাজ্যে প্রথম বালুরঘাটে বাঁশের শিল্পের প্রশিক্ষণ কেন্দ্র চালু করল কেন্দ্র। মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ারের উদ্যোগে নর্থ-ইস্ট কেন অ্যান্ড ব্যাম্বু ডেভেলপমেন্ট কাউন্সিলের মাধ্যমে এই প্রশিক্ষণ চালু হয়েছে। প্রকল্পের মাধ্যমে বালুরঘাটের বেকারদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। উদ্দেশ্য একটাই, হাতের তৈরি নানা সামগ্রী এবং ফার্নিচার তৈরি করে স্বনির্ভর করা। মন্ত্রক সূত্রে খবর, এই প্রকল্পের অধীনে বালুরঘাটে প্রশিক্ষণ কেন্দ্র তৈরির জন্য এক কোটি টাকা বরাদ্দ হয়েছে। আগামীতে রাজ্যের আরও সাত জায়গায় এই প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করতে চায় কেন্দ্র। বালুরঘাটের রঘুনাথপুরে চালু হওয়া ওই কেন্দ্র সোমবার পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন তপনের বিধায়ক বুধরাই টুডু সহ অন্যরা। ওই জায়গায় মহিলারা বাঁশের নানান ফার্নিচার ও সামগ্রী তৈরি করছেন। সুকান্ত বলেন, যে শিল্পীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাঁরা একমাসের স্টাইপেন্ডও পাচ্ছেন। পশ্চিমবঙ্গে বাঁশের চাষ বেশি। ফলে প্রকল্পের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। প্রকল্পটি বাংলায় চালু করার জন্য রাজ্য সরকারকে প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু কোনও কাজ করেনি। কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে চিঠি দেওয়ার পর তিনি রাজ্য সরকারকে বদল করে নোডাল এজেন্সি করেছেন ‘এনইসিপিডিসি’কে। সেটি নর্থ-ইস্ট কাউন্সিলের একটি বডি। যার দপ্তর গুয়াহাটিতে। সেখান থেকে দু’জন এসে বালুরঘাটে প্রশিক্ষণ দিচ্ছেন। এখানে স্থায়ীভাবে ব্যাম্বু মিশনের প্রশিক্ষণ শিবির করব। সামগ্রী ভিনরাজ্য এবং বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। পতিরামের গোবিন্দপুর থেকে আসা মামণি মাহাতো বলেন, এমনিতেই কোনও কাজ নেই। সারাদিন ঘরে বসে থাকতে হয়। গত কয়েকদিন ধরে এই প্রশিক্ষণ নিয়ে নিজেই বাঁশের কিছু না কিছু তৈরি করতে পারছি। আগামীতে বাড়ি থেকেও এই সামগ্রী বিক্রি করতে পারব। তাছাড়া এই সেন্টার থেকে জানানো হয়েছে, প্রয়োজনে সামগ্রী কিনে নেবে। ফলে এই কাজ শিখলে আর্থিকভাবে স্বনির্ভর হবো বলেই মনে করছি। গুয়াহাটি থেকে আসা প্রশিক্ষক নারায়ণ চন্দ্র পালের কথায়, ২৫ জনকে নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। অনেকেই অনেক জিনিস তৈরি করতে পারছেন। তবে একবার প্রশিক্ষণে কিছু হবে না। দু’তিনবার প্রশিক্ষণ দিলে সবাই পারদর্শী হয়ে যাবেন। বালুরঘাটের রঘুনাথপুরে বাঁশের তৈরি হস্তশিল্প দেখছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।-নিজস্ব চিত্র



