সংবাদদাতা, হরিরামপুর: দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থেকে প্রায় ২০০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করল পুলিশ। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে। সেইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে দুই পাচারকারিকে। এই বিপুল পরিমাণ মাদক মালদহ থেকে আনা হয়েছিল বলে ধৃতদের জেরা করে জানতে পেরেছে পুলিশ। সেখান থেকে তা বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্য ছিল মাদক কারবারিদের।
বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার মেহেন্দিপাড়া এলাকায় অভিযান চালায় হরিরামপুর থানা। সেখানে উপস্থিত দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হয় পুলিশকর্মীদের। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না মেলায় তাদের আটক করে শুরু হয় তল্লাশি। সে সময় বাজেয়াপ্ত হয় প্রায় ২০০ গ্রাম ব্রাউন সুগার। সঙ্গে সঙ্গে দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়। এই মাদক চক্রে আর কারা জড়িত, ধৃতদের জিজ্ঞাসা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।