নয়াদিল্লি: ১৯৬২ সালে জাকার্তা এশিয়াডে সোনা জিতেছিল পিকে, চুনী, বলরামের ভারত। সেই দলের অন্যতম সদস্য অরুময়নৈগমকেই এবার জীবনকৃতি অর্জুন সম্মানে ভূষিত করা হবে। মঙ্গলবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে অর্জুন প্রাপকদের নাম ঘোষণা করা হয়। মোট ১৭ জন ক্রীড়াবিদ এই সম্মান পাচ্ছেন। নির্বাচক কমিটি ২৪ জনের নাম মনোনীত করলেও শেষপর্যন্ত সাতটি নাম তালিকা থেকে বাদ পড়ে। হকি তারকা হার্দিক সিংয়ের নাম না থাকায় অনেকেই বিস্মিত।
অ্যাথলেটিকসে তেজস্বীন শঙ্কর, মহম্মদ আজমল, প্রিয়াঙ্কা গোস্বামী ছাড়াও গায়ত্রী গোপীচাঁদ ও বৃক্ষ জলি (ব্যাডমিন্টন), দিব্যা দেশমুখ ও বিদিত গুজরাতি (দাবা), নরেন্দ্র বেরওয়াল (বক্সিং), অরবিন্দ সিং (রোয়িং), অখিল শিওরন (শুটিং), একতা ভিয়ান (প্যারা অ্যাথলেটিকস), রাজকুমার পাল ও লালরেমসিয়ামি (হকি), পুজা ও সুরজিৎ সিং (কবাডি), একতা ভয়, রুদ্রাশং খান্ডেওয়াল (প্যারা শুটিং) এই সম্মান পাচ্ছেন। পাশাপাশি দ্রোণাচার্য পুরস্কারের তালিকাও প্রকাশিত হয়েছে। পারভীর সিং (অ্যাথলেটিকস), ছোটেলাল যাদব (বক্সিং), নেহা নন্দকুমারকে (শুটিং) সম্মান প্রদান করা হবে। দ্রোণাচার্য সম্মান (জীবনকৃতি) প্রাপক ধর্মেন্দ্র যাদব (বক্সিং) ও বীরেন্দ্র কুমার (কুস্তি)।