Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটার তালিকায় বিজেপি পঞ্চায়েত সদস্যের ২ বাংলাদেশি আত্মীয়ের নাম

বিজেপি পঞ্চায়েত সদস্যের দুই আত্মীয়ের বিরুদ্ধে ভুয়ো ভোটারের অভিযোগ তুলল তৃণমূল

ভোটার তালিকায় বিজেপি পঞ্চায়েত সদস্যের ২ বাংলাদেশি আত্মীয়ের নাম
  • ১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: বিজেপি পঞ্চায়েত সদস্যের দুই আত্মীয়ের বিরুদ্ধে ভুয়ো ভোটারের অভিযোগ তুলল তৃণমূল। দাবি, ভোটার তালিকায় থাকা ওই দুই বাসিন্দা বাংলাদেশি। ভারতে থাকেন না তাঁরা। তবে ভোটের আগে এদেশে চলে আসেন। ভোট দিয়ে আবার বাংলাদেশে চলে যান। সোমবার ভোটার তালিকা দেখিয়ে অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে তৃণমূল। যদিও বিজেপির দাবি, ভোটার তালিকা থেকে বেছে বেছে বিজেপি সমর্থকদের বাদ দেওয়ার চক্রান্ত করেছে তৃণমূল। গাইঘাটা ব্লকের ডুমা গ্রাম পঞ্চায়েতের ২০৯ নম্বর বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য সুব্রত বৈদ্য। ওই বুথেই ভোটার তালিকায় নাম রয়েছে নারায়ণ বৈদ্য ও কালীদাস বৈদ্যর। গাইঘাটা ব্লক ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল বিশ্বাসের দাবি, নারায়ণ বৈদ্য ও কালীদাস বৈদ্য বাংলাদেশের বাসিন্দা। পঞ্চায়েত সদস্য সুব্রত বৈদ্যর আত্মীয় তাঁরা। তাঁদের ঠিকানা ডুমা গ্রাম পঞ্চায়েতের সুকান্ত পল্লি হলেও সেই এলাকায় থাকেন না তাঁরা। তা সত্ত্বেও ২০৯ নম্বর বুথের ভোটার তালিকায় তাঁদের নাম রয়েছে। ভোটার তালিকা সংশোধনের কাজে গিয়ে বিষয়টি নজরে আসে তৃণমূলের। তৃণমূল নেতা শ্যামল বিশ্বাস বলেন, নারায়ণ বৈদ্য ও কালীদাস বৈদ্য এদেশে থাকেন না। অথচ তাঁদের নাম রয়েছে ভোটার তালিকায়। খোঁজ নিয়ে জানতে পেরেছি, ‘ওই দুই ব্যক্তি ভোটের সময় এসে ভোট দিয়ে চলে যান।’ বিষয়টি তিনি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান। স্থানীয়দের দাবি ওই দুই ব্যক্তিকে তাঁরা চেনেন না। কখনও এলাকায় দেখেননি। যদিও সুব্রত বৈদ্য বিষয়টি অস্বীকার করেন। তাঁর দাবি, এরা আত্মীয় হলেও দীর্ঘদিন ধরে যোগাযোগ নেই। বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত দাস বলেন, তৃণমূল বেছে বেছে বিজেপি ভোটারদের নাম বাদ দিতে চাইছে। অনুপ্রবেশকারীরা এদেশে এসে সহজেই ভোটার তালিকায় নাম তুলে নেয়। তৃণমূলের মদতেই অনুপ্রবেশকারীরা ভোটার তালিকায় নাম তুলছে। আমরা আগামী দিনে এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাব।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ