Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৩০৪ কোটির প্রকল্পের অনুমোদন দ্রুত চেয়ে নাবার্ডকে চিঠি নবান্নের

৩০৪ কোটির প্রকল্পের অনুমোদন দ্রুত চেয়ে নাবার্ডকে চিঠি নবান্নের
  • ২৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্রীতেশ বসু, কলকাতা: গ্রামীণ এলাকার বিভিন্ন প্রকল্পের জন্য রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের (আরআইডিএফ) অধীনে সমস্ত রাজ্যকেই সহজ শর্তে স্বল্পমেয়াদি ঋণ দেয় নাবার্ড। কোন কোন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ প্রয়োজন, প্রতি বছর তা জানিয়ে দেওয়া হয় রাজ্যের তরফে। কিন্তু গত বছর রাজ্যের ঠিক করে দেওয়া ছ’টি দপ্তরের আটটি প্রকল্পের ছাড়পত্র দেয়নি নবার্ড। ফলে ডিপিআর তৈরি থেকে শুরু করে প্রস্তাবিত প্রকল্পগুলির পরিকল্পনা ও প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেলেও কাজ শুরু করা সম্ভব হয়নি। কিন্তু রাজ্য প্রকল্পগুলিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। তাই নতুন আর্থিক বছর শুরু হতেই মোট ৩০৪ কোটি টাকা অর্থমূল্যের এই ক’টি প্রকল্প দ্রুত অনুমোদনের আর্জি জানিয়ে নাবার্ডকে চিঠি দিল নবান্ন। 

Advertisement

নবান্ন সূত্রে খবর, ১৬ এপ্রিল নাবার্ডের চিফ জেনারেল ম্যানেজারকে চিঠি দেওয়া হয়েছে রাজ্য অর্থদপ্তরের তরফে। সেখানে বলা হয়েছে, ‘গত আর্থিক বছরে আরআইডিএফ ৩০-এর অধীনে উল্লেখিত আটটি প্রকল্প অনুমোদনের আর্জি জানিয়েছিল রাজ্য। কিন্তু নাবার্ডের অনুমোদন মেলেনি। রাজ্য সরকার অগ্রাধিকারের সঙ্গে এই প্রকল্পগুলি রূপায়ণ করতে আগ্রহী। তাই আরআইডিএফ ৩১-এর অধীনে এই প্রকল্পগুলির অনুমোদন দেওয়া হোক।’ চিঠির সঙ্গে দেওয়া হয়েছে প্রকল্পের তালিকাও। রাজ্যের এক পদস্থ কর্তা জানিয়েছেন, গত আর্থিক বছরে কেন্দ্রের ‘ডিপার্টমেন্ট অব ফিনান্সিয়াল সার্ভিস’-এর তরফে পশ্চিমবঙ্গকে আরআইডিএফ খাতে প্রাথমিকভাবে আড়াই 
হাজার কোটি টাকার স্বল্পমেয়াদি ঋণ দেওয়া হবে বলা হয়েছিল। পরবর্তীকালে অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলার অংশের টাকাও কাটছাঁট করে কেন্দ্র। সেই কারণেই এই প্রকল্পগুলির অনুমোদন নাবার্ডের পক্ষে দেওয়া সম্ভব হয়নি। কিন্তু প্রকল্পগুলির ডিপিআর সহ অন্যান্য কাজকর্ম সেরে ফেলা 
হয়েছে। তাই আবার নতুন করে অনুমোদন চেয়ে চিঠি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, চলতি 
২০২৫-২৬ আর্থিক বছরে পর্যায়ক্রমে আরও ২,২০০ কোটি টাকার প্রকল্পের অনুমোদন 
চাওয়া হবে নাবার্ডের কাছ থেকে। যে প্রকল্পগুলির জন্য অনুমোদন চাওয়া হবে, তার ডিপিআর 
তৈরির কাজও বিভিন্ন দপ্তর শুরু করে দিয়েছে বলে খবর। 
যদিও নাবার্ডের আধিকারিকদের মতে, একটি প্রকল্পের অনুমোদন একাধিক বিষয়ের উপর নির্ভর করে। অনেক সময় আর্থিক বছরের শেষের দিকে প্রস্তাব এলে তার অনুমোদন দেওয়া সম্ভব হয় না। নিশ্চয়ই এবার বিষয়টি খতিয়ে দেখা হবে। জানা গিয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে আরআইডিএফ খাতে রাজ্যকে মোট ১৯০৪ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছে নাবার্ড। আগামী অর্থবর্ষে এই অঙ্ক আরও বাড়ে কি না, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ