নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকার চাইছে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ-র, ২০০৮ থেকে ২০১৫ সালের অংশটা চারটি কিস্তিতে ওই সময়ের কর্মীদের দিতে। ২০২৬ সালে একটি, ২০২৭ সালে দুটি এবং ২০২৮-এর জানুয়ারিতে শেষ কিস্তি দিতে চাইছে রাজ্য। সরকারি কর্মীদের ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত সময়ের বকেয়া ইতিমধ্যে পিএফ তহবিলে এবং স্যালারি অ্যাকাউন্টে (শুধু গ্রুপ ডি-দের) জমা পড়েছে। বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে গঠিত কমিটির কাছে রাজ্যের এই প্রস্তাব জমা পড়েছে। মালহোত্রা কমিটি রাজ্য সরকারকে বলেছে, প্রথম কিস্তির টাকা ৩ সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হোক। তবে যেসব কর্মীর ই-সার্ভিস বুক আপডেট ও স্ক্যান হয়েছে তাঁরাই এটা পাবেন। রাজ্য সরকার অবশ্য পেনশনভোগীদের ২০০৮ থেকে ২০১৯ সময়ের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা কমিটিকে জানিয়েছে। যেসব পেনশনভোগীর ব্যাংক অ্যাকাউন্ট কলকাতা পুরসভা এলাকায়, তাঁদের বকেয়া এখনো না-দেওয়ার বিষয়টির উল্লেখসহ এই সমস্যা মেটাতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য সরকার জানিয়েছে। উল্লেখ্য, যেসব পেনশনভোগীর ব্যাংক অ্যাকাউন্ট কলকাতার বাইরে, বকেয়া ডিএ-র পুরো টাকা দুই কিস্তিতে তাঁরা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন।



