সংবাদদাতা, নবদ্বীপ: শিশু ও প্রবীণদের বিনোদনের কথা ভেবে নবদ্বীপ পুরসভার বিভিন্ন ওয়ার্ডে গড়ে তোলা হয়েছিল একাধিক উদ্যান। কিন্তু দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে সেই পার্কগুলির অধিকাংশই এখন কার্যত ধ্বংসের মুখে।
সংবাদদাতা, নবদ্বীপ: শিশু ও প্রবীণদের বিনোদনের কথা ভেবে নবদ্বীপ পুরসভার বিভিন্ন ওয়ার্ডে গড়ে তোলা হয়েছিল একাধিক উদ্যান। কিন্তু দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে সেই পার্কগুলির অধিকাংশই এখন কার্যত ধ্বংসের মুখে।
এক সময় এই পার্কগুলিতে শিশুদের খেলার জন্য চরকি, দোলনা, স্লিপ ( স্লাইড) , ঢেঁকি, বসার ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম ছিল। বিভিন্ন পশু-পাখি ও জীবজন্তুর মডেলও বসানো হয়েছিল। বিকেল হলেই পার্কগুলি শিশুদের কোলাহলে মুখরিত হয়ে উঠত। পার্কে বসে এলাকার প্রবীণরাও উপভোগ করতেন সেই পরিবেশ। বর্তমানে সেই চিত্র সম্পূর্ণ বদলে গিয়েছে। অধিকাংশ পার্কই তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। কোথাও গেট ভেঙে গিয়েছে, কোথাও আবার পার্ক চত্বর ঘন জঙ্গলে ঢেকে গিয়েছে। বেশিরভাগ খেলার সরঞ্জাম নষ্ট হয়ে গিয়েছে কিংবা উধাও। কোথাও বা হাতে গোনা দু-একটি দোলনা বা দু’একটি স্লিপার থাকলেও সেগুলিও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পার্কের ভিতরে ছড়িয়ে রয়েছে নোংরা-আবর্জনা। জঙ্গল ও আগাছায় ভরে যাওয়ায় পার্কগুলি এখন পোকামাকড়ের আস্তানায় পরিণত হয়েছে। কিছু শিশু উদ্যানের পাশে নির্মিত শৌচাগারও দীর্ঘদিন অযত্নে পড়ে থেকে নষ্ট হয়ে গিয়েছে।
জানা গিয়েছে, নবদ্বীপ পুর এলাকার বাঁধ রোড সংলগ্ন সারস্বত বালিকা বিদ্যালয়ের কাছে, বোসপাড়া, কপালি পাড়া, কল্পতরু পাড়া ,চটির মাঠ ন্যাশনাল ক্লাব সংলগ্ন বণিক নগর, প্রতাপনগর,লিংক রোডের বিভিন্ন পার্ক বন্ধ হয়ে পড়ে রয়েছে। ঠিক একই অবস্থা রানিরচড়ার মিস্ত্রীপাড়া, বড় আখড়া, সরকার পাড়া, কর্মমন্দির মাঠ সংলগ্ন মমতালয়ের সামনে, স্টেশন রোড সংলগ্ন বিশ্বাস পাড়া, মণিপুর ঘাট রোডে, রেলগেট সংলগ্ন কলাবাগান, ফাঁসিতলা ঘাট, বাসস্ট্যান্ডে, প্রফুল্লনগর সহ পুরসভার বিভিন্ন ওয়ার্ডের শিশু উদ্যানের।
পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিমাংশু সাহা বলেন, দ্বারিকবাবু রোডের আমবাগানে প্রায় ১০ বছর আগে শিশু উদ্যানটি তৈরি হয়েছিল। বর্তমানে পার্কটি বিষাক্ত পার্থেনিয়াম গাছ ও আগাছায় ঢেকে গিয়েছে। দুটি প্রবেশদ্বারের মধ্যে একটি সম্পূর্ণ ভেঙে যাওয়ায় দিনের বেলায় গরু-মোষ ঢুকে পড়ছে।কপালিপাড়ার বাসিন্দা অশোক দেবনাথ বলেন, প্রায় আট বছর আগে পার্কটি তৈরি হয়েছিল। বর্তমানে পার্কের দোলনা, ঢেঁকি, স্লিপ ও বসার জায়গাগুলিও ভেঙে পড়েছে।
বিজেপির নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সভানেত্রী অপর্ণা নন্দী বলেন, নবদ্বীপ পুরসভা এলাকার বিভিন্ন পার্কের বেহাল অবস্থার বিষয়টি নিয়ে আমি পুরসভার নবনিযুক্ত প্রশাসক ও এগজিকিউটিভ অফিসারের সঙ্গে কথা বলেছি। আমার নিজের বাড়ির সামনের কলাবাগান এলাকার একটি পার্কও দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন রয়েছে। আমার সঙ্গে বিজেপির নবদ্বীপ বিধানসভার আহ্বায়ক শশধর নন্দীও ছিলেন। পুরসভার তরফে পার্কগুলি পরিষ্কার করার কথা বলা হয়েছে।
নবদ্বীপ পুরসভার এগজিকিউটিভ অফিসার সঞ্জীবকুমার রাহা বলেন, প্রতিটি ওয়ার্ডে একটি করে শিশু উদ্যান রয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে সেগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেওয়া হবে। -নিজস্ব চিত্র