নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বৈদ্যবাটির একটি বহুতলের ফ্ল্যাট থেকে যুবতীর পচাগলা দেহ উদ্ধার হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম দীপশিখা গোস্বামী (২৯)। ফ্ল্যাটে তিনি একা থাকতেন। স্থানীয় এক বেসরকারি সংস্থার কর্মী ওই তরুণী এলাকায় বিশেষ মেলামেশা করতেন না। শুক্রবার রাতে তীব্র কটু গন্ধ বের হওয়ার জেরে অন্য ফ্ল্যাটের বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে পড়েন। তাঁরাই পুলিসকে বিষয়টি জানিয়ে দেন। মৃতার এক দিদি উত্তরপাড়ায় থাকেন। পুলিস তাঁকে ডেকে দরজা ভেঙে দীপশিখার পচাগলা মৃতদেহ উদ্ধার করে। পুলিস সূত্রে জানা গিয়েছে, অবিবাহিত ওই যুবতীর কিডনি ও স্নায়ুর রোগ ছিল। তাঁর ঘরে আত্মীয় বা বন্ধুদের বিশেষ যাতায়াত ছিল না। ফলে, স্নায়ুরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তের পরে পুলিসের অনুমান। যদিও শ্রীরামপুর থানার পুলিস জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে পরবর্তী পদক্ষেপ করা হবে। বৈদ্যবাটির সুকান্তপার্ক এলাকার কাউন্সিলার পৌষালি ভট্টাচার্য বলেন, প্রায় বাথরুমের ভিতরেই ওই যুবতী পড়ে ছিলেন। বেশ কিছুদিন আগে তিনি মারা গিয়েছেন বলে মনে হচ্ছে। সম্প্রতি ওই যুবতীকে বাইরে দেখা যায়নি। আমাদের ডেঙ্গু প্রতিরোধের টিম গত মঙ্গলবার আবাসনে এসেছিল। সেই টিমের সদস্যরা বেল বাজালেও কেউ দরজা সেদিন খোলেনি। আমরা সমস্ত তথ্য পুলিসকে দিয়েছি। তারাই তদন্ত করে দেখুক।



