Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রচুর জালনোট সহ শালিমার স্টেশনে ধৃত মুর্শিদাবাদের যুবক

প্রচুর জালনোট সহ শালিমার স্টেশনে ধৃত মুর্শিদাবাদের যুবক
  • ২৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গোপন সূত্রে খবর পেয়ে শালিমার স্টেশনে যৌথ অভিযান চালিয়ে ২ লক্ষ ৮০ হাজার টাকার জাল নোট সহ এক যুবককে গ্রেপ্তার করেছে রেল পুলিস ও এসটিএফ। বছর তেত্রিশের অভিযুক্তের নাম সৌমেন পাল, বাড়ি মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার মহারাজপুরে। ওই জাল নোট মহারাষ্ট্রে পাচার করার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে পুলিস। বাংলাদেশ থেকে কয়েক লক্ষ টাকার জাল নোট মুর্শিদাবাদ হয়ে হাওড়ার শালিমার স্টেশনে যাচ্ছে, গোপন সূত্রে এমন খবর পেয়েছিল বেঙ্গল স্পেশাল টাস্ক ফোর্স। সেই মতো শুক্রবার রাতে শালিমার স্টেশনের প্ল্যাটফর্মগুলিতে সাদা পোশাকে অভিযান চালায় এসটিএফ ও শালিমার জিআরপির আধিকারিকরা। একটি এটিএম কাউন্টারের পাশে অভিযুক্তকে বসে থাকতে দেখে সন্দেহ হয় পুলিসের। তাঁকে আটক করে সঙ্গে থাকা ব্যাগ খুলতেই উদ্ধার হয় মোট ২ লক্ষ ৮০ হাজার টাকার জাল নোট। পুলিসি জেরায় অভিযুক্ত স্বীকার করেন, মহারাষ্ট্রে এই টাকা নিয়ে যাওয়ার কথা ছিল তাঁর। সেজন্য শালিমার স্টেশনে মুম্বইগামী লোকমান্য তিলক এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। রেল পুলিসের এক কর্তা বলেন, পুরোটাই ৫০০ টাকার জাল নোটে ছিল। কার কাছে ও কী উদ্দেশ্যে এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, তা জিজ্ঞাসাবাদ করে বের করা হবে। সেজন্য ধৃতকে হেফাজতে নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ