Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্যস্তরের ক্যারাটেতে রুপোর পদক পেল মুরারইয়ের দশম শ্রেণির ছাত্রী

অনূর্ধ্ব-১৭ মেয়েদের প্রতিযোগিতায় রাজ্যের সমস্ত স্কুলের প্রতিযোগীদের পিছনে ফেলে দ্বিতীয় হয়ে রুপোর পদক পেয়েছে সে।

রাজ্যস্তরের ক্যারাটেতে রুপোর পদক পেল মুরারইয়ের দশম শ্রেণির ছাত্রী
  • ৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: সরকারি উদ্যোগে রাজ্যস্তরের স্কুলভিত্তিক ক্যারাটে প্রতিযোগিতায় বীরভূম জেলার নাম উজ্জ্বল করল মুরারইয়ের দশম শ্রেণির ছাত্রী শতাক্ষী মল্লিক। অনূর্ধ্ব-১৭ মেয়েদের প্রতিযোগিতায় রাজ্যের সমস্ত স্কুলের প্রতিযোগীদের পিছনে ফেলে দ্বিতীয় হয়ে রুপোর পদক পেয়েছে সে। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া এলাকায়। মুরারই গৌরাঙ্গিণী উচ্চবালিকা বিদ্যালয়ের ছাত্রী শতাক্ষী। 

Advertisement

ওই ছাত্রীর বাড়ি মুরারইয়ের থানাপাড়ায়। বাবা সুমন্ত মল্লিক দশকর্মার দোকান চালান। ছোট থেকেই খেলার প্রতি আগ্রহ ছিল শতাক্ষীর। ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর স্থানীয় ব্ল্যাকবেল্ট দেবাশিস কেশরীর কাছে ক্যারাটের প্রশিক্ষণ নিতে শুরু করে। জেলাস্তরের প্রতিযোগিতায় বরাবই উল্লেখযোগ্য স্থান দখল করে এসেছে সে। গত ২৬-২৯ আগস্ট ৬৯তম স্টেট স্কুল গেমস কাউন্সিলের উদ্যোগে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে রাজ্যস্তরের ক্যারাটে প্রতিযোগিতা হয়। সেখানে রাজ্যের বিভিন্ন স্কুলের কয়েকশো ছাত্রী অংশ নিয়েছিল। বীরভূম থেকে ১১জন ছাত্রী অংশ নিয়েছিল। অনূর্ধ্ব-১৭ মেয়েদের প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে শতাক্ষী। তার হাতে রুপোর মেডেল ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। শতাক্ষী বলে, ছোট থেকেই খেলাধুলোর মধ্যে রয়েছি। অনেকেই জেলা ও রাজ্যস্তরের খেলায় সুনাম অর্জন করছেন। আমি তাঁদের দেখে উৎসাহিত হয়ে অনুশীলন শুরু করি। অবশেষে এই সাফল্য এল। তবে লক্ষ্য ছিল প্রথম হওয়ার। আক্ষেপের সুরে সে বলে, দেড় মিনিটের প্রতিযোগিতায় দুই রাউন্ডে এগিয়েছিলাম। শেষ রাউন্ডে মাত্র তিন সেকেন্ডের জন্য দ্বিতীয় হয়েছি। তবে পরেরবার প্রথম হবই। আন্তজার্তিক ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিয়ে ভালো ফল করাই আমার লক্ষ্য। আমার এই সাফল্যের পিছনে মা, বাবার পাশাপাশি কোচের অবদান রয়েছে। সুমন্তবাবু বলেন, প্রথম থেকেই খেলার প্রতি মেয়ের ঝোঁক রয়েছে। ষষ্ঠ শ্রেণি থেকে ক্যারাটে শিখছে। অবশেষে পরিশ্রমের ফল পেয়েছে। স্কুলের টিআইসি উম্মে খাদিজা খাতুন বলেন, শতাক্ষীর এই সাফল্যে খুবই ভালো লাগছে। ও স্কুলের মুখ উজ্জ্বল করেছে। গতবারও রাজ্যস্তরের স্কুলভিত্তিক প্রতিযোগিতায় সে তৃতীয় হয়েছিল। ওর বরাবরই খেলার প্রতি খুব আগ্রহ। স্কুলের পক্ষ থেকে ওকে সংবর্ধিত করা হবে। আমাদের আশা একদিন ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশ তথা রাজ্যের মুখ উজ্বল করবে। 
 দ্বিতীয় স্থানাধিকারী মুরারইয়ের ছাত্রী শতাক্ষী মল্লিক ও তার কোচ। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ