নিজস্ব প্রতিনিধি, বরানগর: বরানগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তার পাশাপাশি অলিগলিও বেহাল। ওইসব রাস্তায় যাতায়াত করতে গিয়ে নাভিশ্বাস উঠছে শহরবাসীর। খানাখন্দের পাশাপাশি রাস্তায় ছোট নুড়ি পাথর ছড়িয়ে থাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটছে। অটো, টোটো কিংবা রিকশায় যাতায়াত করতে ভোগান্তির শিকার হতে হচ্ছে শহরবাসীকে। অবিলম্বে রাস্তা সারাইয়ের দাবিতে সরব হয়েছেন ভুক্তভোগী মানুষ। পুরসভার তরফে সমস্যার কথা স্বীকার করে জানানো হয়েছে, শহরের প্রায় ৬০টি রাস্তার তালিকা নগরোন্নয়ন দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন হলেই দ্রুত রাস্তার কাজ শুরু হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরানগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মূল রাস্তা ভাঙাচোরা। অলিগলির অবস্থা আরও খারাপ। দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বর্ষার আগে এইসব রাস্তা সংস্কার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। সাধারণ মানুষের ক্ষোভের আঁচ বিলক্ষণ অনুধাবন করেছে পুরসভা কর্তৃপক্ষ। তাই মাস দেড়েক আগে রাস্তার তালিকা করে নগরোন্নয়ন দপ্তরে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, শহরের গুরুত্বপূর্ণ এ কে মুখার্জি রোড বিভিন্ন জায়গায় বেহাল। পুরসভা লাগোয়া শ্রীনাথ চক্রবর্তী লেন বছর খানেক আগে কংক্রিট করা হলেও তা অসম্পূর্ণ। দেশবন্ধু রোডে ওঠার মুখে কয়েকশো মিটার সেই সময় কোনও এক অজ্ঞাত কারণে সারাই করা হয়নি। বর্তমানে সেখান দিয়ে হাঁটাচলা দায় হয়ে উঠেছে। ১৬ নম্বর ওয়ার্ডের নবীনচন্দ্র দাস রোড, শরৎচন্দ্র ধর রোড, ঋষি অরবিন্দ সরণীর অবস্থা বেহাল। ১৭ নম্বর ওয়ার্ডের শীতলামাতা লেন, ফরোয়ার্ড কলোনি, নবীনচন্দ্র দাস রোড, যোগদা আবাসন লাগোয়া রাস্তা খানাখন্দে ভর্তি। ১৯ নম্বর ওয়ার্ডের তালবাগান, সুভাষনগর, এছাড়া মণ্ডলপাড়া এলাকার রাস্তাও ভেঙে গিয়েছে। ২১ নম্বর ওয়ার্ডের হরিসভা লাগোয়া রাস্তা, ২০ নম্বর ওয়ার্ডের স্বাধীন পল্লি ও বিধানপার্কের পরিস্থিতি ভয়াবহ। মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়দের দাবি। ২৩ নম্বর ওয়ার্ডের রামলাল আগরওয়াল লেন, ২৬ নম্বর ওয়ার্ডের ষষ্ঠীতলা, ৩৪ নম্বর ওয়ার্ডের বড়ালপাড়া এলাকার পুর উদ্যান লাগোয়া রাস্তার মতো শহরের বহু রাস্তা দ্রুত সংস্কার প্রয়োজন।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল অবস্থার কথা মেনে নেন পুরসভার সিআইসি (পূর্ত বিভাগ) অঞ্জন পাল। তিনি বলেন, শহরের বিভিন্ন ওয়ার্ডের ভাঙা রাস্তার তালিকা তৈরি করে নগরোন্নয়ন দপ্তরে পাঠানো হয়েছে। আর্থিক বরাদ্দ হলেই দ্রুত রাস্তার কাজ শুরু করা হবে।