Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কার্তিকের লড়াইয়ের আগে কাটোয়া শহরে বেহাল রাস্তা সংস্কার পুরসভার

অতিবৃষ্টিতে কাটোয়া শহরের একাধিক রাস্তার দফারফা অবস্থা। কোথাও বড় গর্ত তৈরি হয়েছিল তোকোথাও পিচ উঠে এবড়ো খেবড়ো হয়েছিল রাস্তা।

কার্তিকের লড়াইয়ের আগে কাটোয়া শহরে বেহাল রাস্তা সংস্কার পুরসভার
  • ২১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: অতিবৃষ্টিতে কাটোয়া শহরের একাধিক রাস্তার দফারফা অবস্থা। কোথাও বড় গর্ত তৈরি হয়েছিল তোকোথাও পিচ উঠে এবড়ো খেবড়ো হয়েছিল রাস্তা। তবে টনক নড়েছে পুরসভার। চলতি উৎসবের মরশুমেই শহরের রাস্তাগুলির হাল ফেরাতে কাজে হাত দিয়েছে পুরসভা। মোট ১১ কিলোমিটার রাস্তার সংস্কার হচ্ছে। রাস্তায় নতুন করে হচ্ছে পিচ ঢালার কাজ।আসন্ন কার্তিকের লড়াই-এর শোভাযাত্রার রুটেও হবে সংস্কার। কাটোয়া পুরসভার চেয়ারম্যান সমীর সাহা বলেন, বেশির ভাগ ওয়ার্ডেই রাস্তার সংস্কার হচ্ছে। বর্ষায় বহু রাস্তার ক্ষতি হয়েছিল। উৎসবের মরশুমে সেসব রাস্তা সংস্কার করছে পুরসভা। 

Advertisement

জানা গিয়েছে, কাটোয়া শহরের পুরসভার মোড়, লেলিন সরনি, কারবালাতলা, বারোয়ারিতলা সহ বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির সংস্কার হচ্ছে। বর্ষায় কাটোয়া শহরে অল্প বৃষ্টি হলেই কাছারি রোড, সার্কাস ময়দান রোড, গোয়েঙ্কা মোড়, পুরসভা মোড়ের মত ব্যস্ত রাস্তাগুলিতে হাঁটু সমান জল জমে। তাই ওইসব রাস্তাগুলির কমবেশি ক্ষয়ক্ষতি হয়েছিল।তাই সেসব রাস্তায় পিচ ঢালা হচ্ছে। মোট ১১ কিলোমিটার রাস্তার সংস্কারের জন্য প্রায় ৩৫ লাখ টাকা খরচ হচ্ছে।কাটোয়ার ৬ নম্বর ওয়ার্ডে চাউলপট্টি রোড থেকে গৌরাঙ্গ মূর্তির পাদদেশ পর্যন্ত এক হাজার ৪৫০ মিটার রাস্তার সংস্কার হচ্ছে। ১ নম্বর ও ১৬ নম্বর ওয়ার্ডের থানা রোডের রাস্তারও সংস্কার হবে। এছাড়াও ৫ নম্বর ওয়ার্ডের কেজি বসু সরণি, টেলিফোন ময়দান ও ১৮ নম্বর ওয়ার্ডের গোয়েঙ্কা মোড় থেকে টেলিফোন ময়দান পর্যন্ত রাস্তার সারাইয়ের কাজ হচ্ছে। 
কাটোয়ার কার্তিকের লড়াই ঐতিহ্যবাহী। বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া প্রভৃতি জেলা থেকে লক্ষাধিক মানুষের সমাগম হয় কাটোয়ার কার্তিকের লড়াই দেখতে। তাই এখন থেকেই কাটোয়ায় সাজো সাজো রব। 
পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমন দাসের কথায়, পুজোর আগে থেকেই শহরের রাস্তাগুলির সংস্কার হচ্ছে। প্রথম দফায় আড়াই কিলোমিটারের কাজ হয়েছে। এদিকে কাটোয়া শহরের বিখ্যাত খেপিমাকে দেখতে মানুষের ঢল নামে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ আসেন এই কালীপুজোয়। তাই রাস্তা যাতে একেবারে ঝাঁ চকচকে থাকে, তারজন্যই পুরসভার এই উদ্যোগ।এনিয়ে পুরসভার দাবি, পাড়ায় সমাধান শিবিরে কাটোয়া শহরের রাস্তার সমস্যা শোনা হয়েছে। সেগুলিরও দ্রুত সংস্কার হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ