নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়া পুরসভা এলাকায় উন্নতমানের একটি হাসপাতাল তৈরি করতে চান পুরকর্তারা। এ নিয়ে মঙ্গলবার রাজ্য নগরোন্নয়ন দপ্তরের অধীনে থাকা সুডার কাছে প্রস্তাব পাঠিয়েছেন তাঁরা। চুঁচুড়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, সুডা লিখিতভাবে পূর্ণাঙ্গ প্রকল্প রিপোর্ট (ডিপিআর) সহ প্রস্তাব জমা দিতে পরামর্শ দিয়েছে পুরকর্তাদের। তারপরই তৎপরতা শুরু হয়েছে পুরসভায়। তাৎপর্যপূর্ণভাবে হুগলি জেলার একাধিক পুরসভা এলাকায় উন্নতমানের পুর হাসপাতাল রয়েছে। কিন্তু চুঁচুড়া জেলার সদর শহর হওয়া সত্ত্বেও এখানে কোনও পুর হাসপাতাল নেই। তিনটি স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে নাগরিকদের সাধারণ স্তরের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এই ব্যবস্থার বদল আনতেই দীর্ঘদিন ধরে প্রয়াস চালাচ্ছেন পুরকর্তারা। মঙ্গলবার সেই নিরিখে উল্লেখযোগ্য পদক্ষেপ করা হয়েছে বলে পুরকর্তারা দাবি করেছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার সুডা’র পদস্থ কর্তাদের একটি দল চুঁচুড়ায় এসেছিল। সেই দলের সদস্যরা পুরসভার তালডাঙা, মল্লিক কাশেমহাট, কারবালার পুর স্বাস্থ্যকেন্দ্রগুলি ঘুরে দেখেন। সুডা’র স্বাস্থ্যকর্তারা পুর স্বাস্থ্য পরিষেবার প্রশংসা করেছেন বলে দাবি করেছেন পুরসভার চেয়ারম্যান অমিত রায়। ওই পরিদর্শন পর্বেই চেয়ারম্যান একটি উন্নতমানের হাসপাতাল তৈরির প্রস্তাব দেন। অমিতবাবু বলেন, সুডা’র কর্তারা ওই প্রকল্প নিয়ে উৎসাহ দেখিয়েছেন। আমাদের পূর্ণাঙ্গ প্রকল্প রিপোর্ট সহ প্রস্তাব দিতে বলা হয়েছে। প্রাথমিকভাবে আমরা পুরসভার তিনটি স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে যে কোনও একটিকে হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা করেছি। তবে বিকল্প জায়গাও দেখা হচ্ছে। শহরের নাগরিকদের উন্নতমানের চিকিৎসা পরিষেবা দিতে আমরা বদ্ধপরিকর। সেই ভাবনা থেকেই এই প্রয়াস।
তৃণমূলের জেলা চেয়ারপার্সন তথা বিধায়ক অসীমা পাত্র এ প্রসঙ্গে বলেন, স্বাস্থ্য পরিষেবাকে আমাদের সরকার সব থেকে বেশি গুরুত্ব দেয়। সেই নিরিখে চুঁচুড়া পুরসভার পরিকল্পনাকে সাধুবাদ জানাচ্ছি। আমরা মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। পুরসভাগুলিও সেভাবে ভাবছে। এই উদ্যোগ নাগরিক সমাজকে ভরসা জোগাবে।
সম্পূর্ণ পুর হাসপাতালের মাধ্যমে নাগরিকদের পরিষেবা দেওয়ার নিরিখে হুগলি একটি উল্লেখযোগ্য জেলা। বহু আগে থেকেই হুগলিতে একগুচ্ছ পুর হাসপাতাল রয়েছে, যেগুলি উন্নতমানের চিকিৎসা প্রদান করে। সেই তালিকায় উত্তরপাড়া, রিষড়া, চাঁপদানির মতো বড় পুরসভা যেমন রয়েছে, তেমনই আকারে খুবই ছোট ভদ্রেশ্বর পুরসভাও আছে। কিন্তু সেই তালিকায় চুঁচুড়া পুরসভা কখনও ঢুকতে পারেনি। পুরকর্তাদের দাবি, জেলার সদর হাসপাতাল তথা চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল এই পুরসভা এলাকার মধ্যেই অবস্থিত। তাই পুর হাসপাতাল তৈরির উদ্যোগ বারে বারে ধামাচাপা পড়ে গিয়েছে। কিন্তু বর্তমানে রাজ্য সরকার যখন নাগরিকের দোরগোড়ায় উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা দিতে চাইছে, তখন বিকল্প হাসপাতালের প্রয়োজন প্রাসঙ্গিক হয়ে পড়েছে। পুরকর্তাদের আরও দাবি, পুরসভার হাসপাতাল তৈরি হয়ে গেলে জেলা সদর হাসপাতালের উপর চাপ অনেকটাই কমবে।