নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: কাঞ্চনজঙ্ঘা অভিযান স্থগতি রেখেই ফিরছেন হুগলির চন্দননগরের পিয়ালি বসাক। শনিবার তাঁর চন্দননগরের বাড়িতে ফিরে আসার কথা। ইতিমধ্যেই কাঠমাণ্ডুতে নেমে এসেছেন তিনি। মূলত লাগাতার দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অসুস্থতার কারণেই শেষ পর্যন্ত কাঞ্চনজঙ্ঘাতে উঠতে পারেননি। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিকবার প্রয়াস করেছিলেন। কিন্তু দু’দফায় দুর্যোগের কারণে তাঁকে চড়াইয়ের পরিকল্পনা বাতিল করতে হয়। শেষ পর্যন্ত তাঁর শারীরিক জটিলতাও দেখা দেয়। সেনাবাহিনীর চিকিৎসকদের পরামর্শে তিনি কিছুটা সুস্থ হয়ে ফের অভিযানের চেষ্টা করেছিলেন। কিন্তু কাঞ্চনজঙ্ঘা অভিযানের আয়োজক সংস্থা তাঁকে অনুমতি দেয়নি। পিয়ালি নিজে জানিয়েছেন, বহুবার পাহাড় অভিযান করেছি। কিন্তু এমন পরিস্থিতির মুখে কখনও পড়িনি। কাঞ্চনজঙ্ঘাতে পরিস্থিতি প্রতিকূল থাকেই। এবার শরীরও বেঁকে বসেছিল। এমন অসুস্থও পাহাড়ে অভিযানে গিয়ে আমি আগে কখনও হইনি। পিয়ালি বলেন, সমস্ত পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নিই যে, এবারের মতো অভিযান স্থগিত থাকুক। পাহাড় তার জায়গাতেই থাকবে। আমি আবার নতুন করে চেষ্টা করব। প্রসঙ্গত, দু’টি বিদেশি আট হাজারি পর্বতচূড়া আরোহণের জন্য এবার প্রস্তুতি নিয়েছিলেন পিয়ালি। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অভিযানের যাবতীয় প্রস্তুতি ছিল। কিন্তু শেষ পর্যন্ত ওই দেশের অনুমোদনের অভাবে তা বাতিল করতে হয়। কিন্তু অভিযানের নির্ধারিত সময়েই ‘জেদি’ পিয়ালি বেরিয়ে পড়েছিলেন কাঞ্চনজঙ্ঘা অভিযানের লক্ষ্যে।



