নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ‘মুখোমুখি’ কর্মসূচি। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ফোনের এপারে থাকবেন। নাগরিকরা তাঁদের সমস্যা জানাতে পারবেন। পুর ও নগরোন্নয়ন দপ্তরের ওয়েবসাইট এবং ফেসবুকে তা জানানো হয়েছে। দেওয়া হয়েছে টোল ফ্রি নম্বর ১৮০০২০৩৫১২৩। তবে এই এদিন শুধুমাত্র কলকাতা পুরসভার আওতাভুক্ত এলাকার বাসিন্দারাই এই নম্বরে ফোন করে তাঁদের মতামত, অভিযোগ এবং পরামর্শ জানাতে পারবেন। এবার থেকে প্রতি সপ্তাহেই এক ঘণ্টা ‘টক টু মেয়র’-এর আদলে এই অনুষ্ঠান হবে। তবে শুধুমাত্র কলকাতার জন্য নয়, সারা রাজ্যের জন্যও এমন অনুষ্ঠান চালু হওয়ার কথা। পুরসভার আধিকারিকরা জানাচ্ছেন, প্রথমে শোনা গিয়েছিল কলকাতা পুরসভায় বসে এই অনুষ্ঠান করবেন মন্ত্রী অগ্নিমিত্রা। কিন্তু, পরে দপ্তরে বসেও তিনি এই অনুষ্ঠান করবেন বলে ঠিক হয়। সেখানে ফোন করে সরাসরি নাগরিকরা নিজেদের সমস্যা দাবি-দাওয়া জানতে পারবেন। বর্তমানে বহু পুরসভাতে পরিচালন বোর্ড নেই। প্রশাসক বসেছে। কাউন্সিলার নেই। সেক্ষেত্রে একজন জনপ্রতিনিধি বা খোদ মন্ত্রী এই ধরনের অনুষ্ঠান করলে সরকারের সঙ্গে জনগণের সরাসরি সংযোগ তৈরি হবে। প্রশাসনিক কাজকর্ম আরও জনমুখী হয়ে উঠবে বলে মত সংশ্লিষ্ট মহলের।



