মামা-ভাগ্নের দূরত্ব মিটল কপিল শর্মার শোয়ে। যাবতীয় তিক্ততা তুলে ক্রুষ্ণা অভিষেককে জড়িয়ে ধরলেন গোবিন্দা। বহুদিন পর একসঙ্গে ক্যামেরার সামনে পারফর্মও করেন দু’জন। গোবিন্দা বন্দুকের গুলিতে আহত হওয়ার পর থেকেই দু’জনের অভিমানের পারদ যে গলছে, তার আঁচ মিলেছিল। এবার যেন কুয়াশা কাটিয়ে তা স্পষ্ট হল সকলের কাছে। কপিল শর্মার শোয়ের অবিচ্ছেদ্য অঙ্গ ক্রুষ্ণা। তবে এর আগে গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা যখন এসেছিলেন, সেখানে ক্রুষ্ণার দেখা মেলেনি। ক্রুষ্ণা একটি অনুষ্ঠানে গোবিন্দার সঙ্গে রসিকতা করেছিলেন। তা নাকি একেবারেই পছন্দ হয়নি অভিনেতার। সেখান থেকেই তাঁদের তিক্ততার সূত্রপাত। ক্রুষ্ণার স্ত্রী কাশ্মীরার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে আরও ঘোলা হয় সম্পর্ক। তবে তাঁদের সম্পর্ক ঠিক হতে শুরু করে ক্রুষ্ণার বোন আরতির বিয়েতে। সেখানে যোগ দিয়েছিলেন মামা গোবিন্দা। তারপর গোবিন্দার আহত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেন ক্রুষ্ণা ও তাঁর স্ত্রী।



