Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মাটি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে কৃষি ও শিল্প বাঁচাও কমিটি

মাটি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে কৃষি ও শিল্প বাঁচাও কমিটি
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: কোথাও কৃষিজমির মাটি কেটে মেছো ভেড়ি তৈরি হচ্ছে। কোথাও বা ইটভাটার জমি থেকে মাটি কেটে পাচার করা হচ্ছে। মাটিয়া মাফিয়াদের এমন দাপাদাপি ঠেকাতে কৃষি ও শিল্প বাঁচাও কমিটি গঠন করলেন দেগঙ্গার দোগাছিয়া গ্রামের শতাধিক বাসিন্দা। শুক্রবার কমিটির ব্যানারে দোগাছিয়া প্রাথমিক স্কুলের সামনে সভাও হয় মাফিয়াদের বিরুদ্ধে। জানা গিয়েছে, দেগঙ্গার দোগাছিয়া গ্রামে দীর্ঘ ৪৫ বছর ধরে চলছে একটি ইটভাটা। সেখান থেকেও মাটি কেটে পাচার করা হচ্ছে। শুধু মাটি কাটাই নয়, ভাটা থেকে ইট সহ অন্যান্য জিনিস লুটপাট করাও হয়েছে। প্রতিবাদ করলেই জুটছে হুমকি। পাশাপাশি মালিকদের না জানিয়েই রাতারাতি কৃষিজমির মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। জোর করে চাষ জমিতেই মেছো ভেড়ি তৈরি করা হচ্ছে।
Advertisement
শুধু দেগঙ্গা নয়, জেলার মধ্যে বারাসত ২ নম্বর ব্লকের শাসন, দত্তপুকুর সহ আমডাঙা ব্লকেও মাটি মাফিয়ারা সক্রিয়। দোগাছিয়ার জমি মালিক বিশ্বনাথ দে বলেন, রাতারাতি জমির চরিত্র বদলে যাচ্ছে। মানুষ নিজেদের অধিকার নিয়ে থাকতে পারছে না। তাই এই কমিটি গঠন করা হল। আরেক জমির মালিক মহম্মদ হজরত মণ্ডল বলেন, মালিকদের ভয় দেখিয়ে তিন ফসলি জমিকেও মেছো ভেড়ি করে দেওয়া হচ্ছে। জমি থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এর প্রতিবাদেই এই কমিটি গঠন। এই প্রসঙ্গে দেগঙ্গার বিডিও ফায়িম আলম বলেন, দোগাছিয়া থেকে এমন অভিযোগ এসেছে। বিএলএলআরও-কে জানানো হয়েছে। রিপোর্ট হাতে আসার পরেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ