Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

মুস্তাক আলি ট্রফিতে বিধ্বংসী শ্রেয়স

মুস্তাক আলি ট্রফিতে বিধ্বংসী শ্রেয়স
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
হায়দরাবাদ: ঘরোয়া ক্রিকেটে শ্রেয়স আয়ারের বিধ্বংসসী ফর্ম অব্যাহত। শনিবার সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে গোয়ার বিরুদ্ধে দুরন্ত শতরান হাঁকালেন তিনি। মাত্র ৫৭ বলে ১৩০ রানের ঝাড়ো ইনিংসে দশটি বিশাল ছক্কা মারেন শ্রেয়স। সীমিত ওভারের ম্যাচের পাশাপাশি রনজি ট্রফিতেও তাঁর ব্যাটে দেখা গিয়েছিল রানের বন্যা। ওড়িশার বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। মোদ্দা কথা, রবিবার আইপিএলের মেগা নিলামের আগে চর্চার কেন্দ্রে প্রাক্তন নাইট অধিনায়ক।
Advertisement
সুপার সানডে’র দুপুরে আইপিএলের নিলাম। দশ দলের ফ্র্যাঞ্চাইজির শীর্ষ কর্তারা ইতিমধ্যেই জেড্ডায় পৌঁছে গিয়েছেন। বিশেষজ্ঞদের ধারণা, শ্রেয়সের ঝকঝকে শতরান তাঁদের কাছেও গুরুত্বপূর্ণ বার্তা। মোক্ষম সময়ে ইনিংস গড়ার পাশাপাশি নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও রয়েছে মুম্বইকরের। আইপিএলের নিলামে শ্রেয়সকে নিয়ে দড়ি টানাটানি শুরু হলে অবাক হওয়ার থাকবে না। তবে কলকাতা নাইট রাইডার্স ফের শ্রেয়সের জন্য ঝাঁপায় কিনা সেটাই দেখার। শোনা যাচ্ছে, দিল্লি ক্যাপিটালসও নাকি শ্রেয়সকে পেতে আগ্রহী। তাই নিলামে ভালো দর উঠবে মুম্বইকরের।
 পাশাপাশি বড় ইনিংস খেলা অভ্যাসে পরিণত করে ফেলেছেন তিলক ভার্মা। দক্ষিণ আফ্রিকায় জো’বার্গ আর সেঞ্চুরিয়ানে পর পর শতরান হাঁকিয়েছিলেন তিনি। এবার ঘরোয়া ক্রিকেটেও তাঁর মারমার কাটকাট ব্যাটিংয়ে ছত্রখান প্রতিপক্ষ। মেঘালয়ের বিরুদ্ধে মাত্র ৬৭ বলে ১৫১ রানের ইনিংস খেলেন হায়দরাবাদি ব্যাটার। পাশাপাশি ব্যাট হাতে নজর কেড়েছেন হার্দিক পান্ডিয়া ও রিঙ্কু সিংও।
সম্পর্কিত সংবাদ