মহম্মদ নাজিম, হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের মশালদহ অঞ্চল কংগ্রেসের উদ্যোগে মহিলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল অসম। মশালদহ হাসপাতাল মাঠে গত রবিবার থেকে শুরু হয় ড. মনমোহন সিং মেমোরিয়াল আট দলীয় ফুটবল। বুধবার ফাইনালে মুখোমুখি হয়েছিল অসম ও নেপাল। নির্দিষ্ট সময়ে খেলার ফল ছিল ২-২। অতিরিক্ত পাঁচ মিনিটেও কোনও দল গোল করতে পারেনি। টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয় অসম। চ্যাম্পিয়নদের নগদ ৪৫ হাজার ও ট্রফি এবং রানার্স দলকে ৪০ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়। ফাইনাল ম্যাচ এবং টুর্নামেন্টের সেরা হন অসমের পাখিলা বরো।
Advertisement
এদিন খেলা দেখতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক মোস্তাক আলম, রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী, হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি তহমিনা খাতুন, জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম, হরিশ্চন্দ্রপুর-১ ব্লক কংগ্রেসের কার্যকারী সভাপতি আব্দুল মান্নান, কংগ্রেস নেতা আনেসুর রহমান, চিন্ময় দাস ও হজরত আলি, মশালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান আয়েশা খাতুন, উপপ্রধান টিয়া ভগৎ ও মালতিপুরের প্রাক্তন বিধায়ক আলবেরুনি সহ অন্যরা। খেলার আয়োজক জিয়াউর রহমান বলেন, এদিন মাঠে প্রায় ৩০ হাজার দর্শক ছিলেন। নারীরা যে পুরুষদের থেকে কোনও অংশে পিছিয়ে নেই, সেটা বোঝাতেই এই টুর্নামেন্ট। নারী শক্তিকে প্রাধান্য দিতেই আমাদের সব আয়োজন।



