সংবাদদাতা, বসিরহাট: তৃণমূল কর্মী, সমর্থকদের মারধরে আহত এক আইএসএফ কর্মী। ঘটনাটি ঘটেছে সোমবার, মিনাখাঁর কুমারজল পদ্মপুকুর এলাকায়। গুরুতর আহত ওই ব্যক্তির নাম সেরাজুল মল্লিক। অভিযোগ, সোমবার পদ্মপুকুর এলাকায় রাস্তার ধারে আইএসএফ কর্মীরা গল্প করছিলেন। তখন কয়েকজন দুষ্কৃতী এসে হঠাৎই তাঁদের উপর আক্রমণ চালায়। বেশ কয়েকজন ছুটে পালালেও দুষ্কৃতীরা সেরাজুল মোল্লাকে বেধড়ক মারধর করে। বন্দুকের বাঁট দিয়েও তাঁর মাথায় আঘাত করা হয়। অভিযোগের তীর তৃণমূল সমর্থকদের দিকে। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন সেরাজুল মোল্লা।
Advertisement
তাঁর চিৎকারে গ্রামের লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এরপর সেরাজুলকে প্রথমে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মিনাখাঁ থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। এই বিষয়ে কুমারজোল পঞ্চায়েতের তৃণমূলের প্রধান আকবর গাজি বলেন, গত দু’দিনে আমাদের এই এলাকায় কোনওরকম গণ্ডগোলের ঘটনা ঘটেনি। আসলে এটা আইএসএফ-এর নিজেদের মধ্যে গোলমাল।



