Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মেয়ের শ্বশুর বাড়িতে বিবাদ মেটাতে গিয়ে হাঁসুয়ার কোপে জখম বাবা

মেয়ের শ্বশুর বাড়িতে বিবাদ মেটাতে গিয়ে হাঁসুয়ার কোপে জখম বাবা
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চাঁচল: মেয়ের বাড়িতে বিবাদ মেটাতে গিয়ে জামাই ও বেয়াইয়ের হাতে আক্রান্ত হলেন এক ব্যক্তি। শুক্রবার দুপুরে মালদহের চাঁচল থানার নদিসিক গ্রামের ঘটনা। আক্রান্তের নাম আজিদ হোসেন। হাঁসুয়ার কোপে জখম হয়ে তিনি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে এদিন বিকেলেই স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে চাঁচল থানায় মারধরের অভিযোগ করেছেন আজিদা খাতুন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজিদার সঙ্গে গ্রামেরই যুবক রমজান আলির দু’বছর আগে সামাজিক মতে বিয়ে হয়। অভিযোগ, পণের অর্ধেক টাকা বকেয়া থাকায় আজিদার উপর প্রতিনিয়ত মানসিক ও শারীরিক অত্যাচার চলত। এদিকে হঠাৎ তিন মাসের শিশু সন্তান অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়। স্বামী চিকিৎসার খরচও দেয়নি বলে দাবি আজিদার। ভিনরাজ্য থেকে ফিরে এদিন মেয়ের বাড়িতে যান আজিদ হোসেন। পুরনো ঘটনার প্রসঙ্গ উঠতেই মারধর শুরু হয়। মেয়ের সামনেই তাঁকে হাঁসুয়া দিয়ে কোপায় জামাইয়ের বাবা হানিফ আলি বলে অভিযোগ। এদিন থানায় অভিযোগ জানিয়ে আজিদা খাতুন বলেন, তিন মাসের শিশুকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। বাবা পরিযায়ী শ্রমিক। বারবার বাড়তি পণের চাপে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এদিন বাবাকেও ওরা রক্তাক্ত করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওদের শাস্তি চাই। চাঁচল থানার এক আধিকারিক বলেন, অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ